২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা ঠুকলেন এ বি সিদ্দিকী

বিএনপি কর্মীরা হামলা চালিয়ে পাঞ্জাবি ছিঁড়ে ফেলার পাশাপাশি ‘মুজিব কোট’ খুলে নিয়েছে অভিযোগে করে আদালতে মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী, যিনি বিভিন্ন সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে সংবাদ শিরোনাম হয়েছিলেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 09:16 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে মামলায় আসামি করেছেন তিনি।

রোববার ঢাকা মুখ্য মহানগর আদালতে তিনি এ মামলা দায়ের করার পর মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান বংশাল থানার পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

আগামী ২৩ জুনের মধ্যে ঘটনার সত্যতা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে এ আদালতের পেশকার গৌতম কুমার দাস জানিয়েছেন।

মামলায় এ বি সিদ্দিকী অভিযোগ করেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মানহানির মামলার শুনানি থাকায় গত ৩০ এপ্রিল সকাল ৭টায় রামপুরা থেকে বাসে করে রওনা হন তিনি। সকাল ৮টার দিকে তাঁতীবাজার মোড়ে নেমে হেঁটে আদালতের দিকে রওনা হন। তার পেছনে থাকা পাঁচজন ‘বিএনপির কর্মী’ তার পাঞ্জাবি ধরে টেনে গতি রোধ করে এবং তা ছিঁড়ে ফেলে।

“তারা বলে, তোকে পেয়েছি আর ছাড়া যাবে না। কারণ, তুই আমাদের মা ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছিস। তোর একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আমাদের মা মুক্তি পাচ্ছে না। তাই তোকে আজ খুন করব। কারণ, আমাদের বিএনপির তারেক রহমানের নির্দেশে ঊর্ধ্বতন নেতাদের হুকুমে তোকে প্রস্তাব দিচ্ছি, এক মাসের মধ্যে মামলা তুলে নিবি। তা না করলে তোর পরিণতি ভয়ঙ্কর হবে। এক মাসের জন্য তোকে মুক্ত করে দিলাম। যদি স্বেচ্ছায় মামলা তুলে না নিস তাহলে তোকে মরতে হবে।

“তোকে তোর সরকারও আমাদের হাত থেকে আর বাঁচাতে পারবে না। তোকে নুসরাতের মতো জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারব। যদি বাঁচতে চাস, কথাটি মনে রাখিস। আর যদি মামলা প্রত্যাহার না করিস তাহলে তোকে এমনভাবে খুন করব পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। এসব কথা বলে দুর্বৃত্তরা তার মুজিব কোট খুলে নিয়ে যায় এবং বলে, তোর বাবার মার্কা মুজিব কোট খুলে নিয়ে গেলাম। শেখ মুজিবের জুলুমবাজ মুজিব কোট আর আমরা দেখতে চাই না।

“এই বলে আমার পকেটে থাকা ২ হাজার ২০০ টাকা ছিনিয়ে নিয়ে আমাকে বলে, কোনো চিল্লাফাল্লা করবি না, এদিক-ওদিক দেখবি না, সোজা আদালতের দিকে চলে যা। আমরা যা বলেছি, এই শর্ত ভঙ্গ করবি না। না হলে তোকে জাহান্নামে যেতে হবে, এটা যেন মনে থাকে।”

অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের ধরে জেল হাজতে আটকে রাখার আবেদন করেছিলেন এ বি সিদ্দিকী।

গত কয়েক বছর ধরে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছেন, যা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে।