২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের সাবেক এমডি নওশাদের চেয়ে স্ত্রীর ‘অবৈধ সম্পদ বেশি’

গ্যাস সরবরাহের রাষ্ট্রায়ত্ত কোম্পানি তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. নওশাদ ইসলাম ও তার স্ত্রী রাজিয়া নওশাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 08:00 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

রোববার রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে মামলা দুটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

নওশাদ ইসলাম বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, তিনি এক কোটি তিন লাখ ৫০ হাজার ৬০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন, একই সাথে তিনি ৭৯ লাখ ৪১ হাজার ৮৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এই অভিযোগে নওশাদ ইসলামের বিরুদ্ধে মামলায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭ (১) এবং ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়। অন্যদিকে তিতাসের সাবেক এই এমডির স্ত্রী রাজিয়া নওশাদের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, তিনি এক কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৯০১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ৪২ লাখ এক হাজার ২০০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। মামলায় তার বিরুদ্ধেও স্বামী নওশাদ ইসলামের মতো দুদক আইনের ওই দুই ধারায় অভিযোগ আনা হয়েছে। নোটিশের প্রেক্ষিতে নওশাদ ইসলাম ২০১৫ সালের ২৪ মার্চ দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন এবং তার স্ত্রী রাজিয়া নওশাদ ২০১৮ সালের ১০ জানুয়ারি তার সম্পদ বিবরণী দাখিল করেন।