ঢাকায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
রাজধানীর হাজারীবাগে এক যুগ আগে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হনুফা বেগমকে হত্যার দায়ে তার ছেলে মোবারককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার জননিরাপত্তা ট্রাইবুনালের বিচারক বিশেষ জেলা ও দায়রা জজ বেগম চমন চৌধুরী রোববার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
হনুফাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার ভাই আব্দুর রশিদ ২০০৭ সালের ২৭ অগাস্ট হাজারীবাগ থানায় এ মামলা দায়ের করেন।
রায়ের বিবরণে বলা হয়, বেকার মোবারক টাকার জন্য প্রায়ই তার মাকে মারধর করতেন। ২০০৭ সালের ২৪ অগাস্ট তিনি মায়ের কাছে কিছু টাকা চান। হানুফা টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন তার ছেলে।
মোবারক তার সহযোগীদের নিয়ে হনুফাকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করার পর বিছানার ওপর লাশ রেখে কাঁথা-বালিশ ও কাপড়-চোপড় দিয়ে ঢেকে রেখে দরজায় তালা লাগিয়ে চলে যান বলে অভিযোগ করা হয় আব্দুর রশিদের দায়ের করা মামলায়।
মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৪ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন হাজারীবাগ থানার এসআই ফারুক ভূঁইয়া। ২০০৮ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দেন বিচারক।
এ মামলার তদন্ত চলাকালেই মাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মোবারক। ১২ জনের সাক্ষ্য নিয়ে বিচারক আসামি মোবারককে দোষী সাব্যস্ত করে রোববার রায় ঘোষণা করল।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ার শাহাদাত শাওন। আসামিপক্ষে ছিলেন কাজী সালাহ উদ্দিন আহম্মেদ।
