নারী নির্যাতন বন্ধে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার পরামর্শ
নারীর প্রতি সহিংসতা দূর করতে নারীর প্রতি শ্রদ্ধাশীল থাকার শিক্ষা যেন শৈশবেই শিশুরা পায়, সেজন্য পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া এক অনুষ্ঠান থেকে।
শনিবার ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘নারীবান্ধব নিরাপদ কর্মস্থল’ নামে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের একটি আন্তর্জাতিক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এই পরামর্শ দেন অধিকারকর্মী খুশি কবির।
তিনি বলেন, “আমাদের দেশে নারীকে দমন করা ও নির্যাতন করাকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হয়। আবার তার শ্রমকে মর্যাদা দেওয়া হয় না।
“আইনের পাশাপাশি দরকার মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। মানুষকে শ্রদ্ধা করতে না শিখলে আইনের বাস্তবায়ন হবে না। এজন্য আমাদের পাঠ্যপুস্তকেও পরিবর্তন আনা দরকার। পাঠ্যপুস্তকে বিভিন্ন অধ্যায় সংযোজন করা প্রয়োজন, যেন শিক্ষার্থীরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হয়।”
অ্যাকশন এইডের আবাসিক প্রতিনিধি ফারাহ্ কবির বলেন, “একদিকে আইনে যৌন হয়রানিকে সংজ্ঞায়িত করা হয়নি। অন্যদিকে বিদ্যমান আইনের প্রয়োগেও রয়েছে গুরুতর অভাব।
“মামলার বিলম্বিত নিষ্পত্তি এবং তদন্ত কর্মকর্তা এবং পাবলিক প্রসিকিউটরদের অদক্ষতা ও অবহেলার কারণে ক্ষতিগ্রস্তরা প্রায়ই বিচার পেতে ব্যর্থ হন। এর প্রভাব পড়ছে নারীর মনে, কাজে, সমাজে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর অধ্যাপক ও বিজিএমইএ-এর পরিচালক এ মোমেন বলেন, “পিতৃতান্ত্রিক চিন্তা বদলাতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
“পোশাক শিল্প মালিকদের প্রতিনিধি হিসেবে আমি বলতে পারি, শেষ পর্যন্ত দায়টা আমাদের উপর। আমরা নিরাপত্তা নিশ্চিত কারার মধ্যমে একটি টেকসই ব্যবসা ব্যবস্থা পরিচালনা করতে চাই, যেখানে কোন সহিংসতা থাকবে না।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন বলেন, “লিঙ্গভিত্তিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে সরকার আইন সংশোধন ও নতুন আইন প্রনয়ন করবে।
“তবে শুধু আইন দিয়ে সহিংসতা বন্ধ করা সম্ভব না। এজন্য আমাদের দৃষ্ঠিভঙ্গিতেও পরিবর্তন আনতে হবে।”
ঢাকায় অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার পেনি মর্টন সহিসংতার মূল কারণগুলো চিহ্নিত করে তার সমাধানের পরামর্শ দেন।
“আমার চাই নারীর অর্থনৈতিক ক্ষেত্রে সংযুক্তি বাড়ুক। এজন্য নারীর প্রতি সহিংসতা একটি প্রতিবন্ধকতা। এটার সমাধান করতে হবে। কারণ সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হলে সমাজের উন্নতি হবে না।”
অনুষ্ঠানে ‘কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা: প্রতিদিন প্রত্যেক কর্মক্ষেত্রে ঘটছে’ নামের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী, কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা মানবাধিকারের সর্বাধিক লঙ্ঘনের মধ্যে একটি। এক শুমারি অনুযায়ী, ১৫ বছরের বেশি বয়সী ৩৫ শতাংশ নারী (বিশ্বব্যাপী ৮১৮ মিলিয়ন নারী) তাদের বাড়িতে, কমিউনিটিতে অথবা কর্মক্ষেত্রে যৌন বা শারীরিক সহিংসতার শিকার হয়েছে।
বিভিন্ন ধরনের যৌন সহিংসতাকে সংজ্ঞায়িত এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে আইনের বিভিন্ন ফাঁক-ফোকর চিহ্নিত করে আইন সংশোধনের জন্য অ্যাডভোকেসি বৃদ্ধি ও শক্তিশালী করা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ আইন প্রণয়নে পদক্ষেপ নেওয়া, যৌন হয়রানির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া-মহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় গবেষণা প্রতিবেদনে।
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌছানোর কর্মসূচির মূলনীতির উপর ভিত্তি করে অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল আগামী তিন বছরের জন্য ‘নারী বান্ধব নিরাপদ কর্মস্থল’ নামে একটি প্রচারাভিযানের উদ্বোধন করে এই অনুষ্ঠানের মাধ্যমে।
