২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ফণী: আশ্রয় কেন্দ্রে সাড়ে ১৩ লাখ মানুষ

ঘূর্ণিঝড় ফণীর কারণে শুক্রবার রাত পর্যন্ত দেশের উপকূলীয় জেলাগুলোর ঝুঁকিপূর্ণ অঞ্চলের ১৩ লাখ ৬৪ হাজার ৮৮৬ জন মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 12:00 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র শনিবার সকালে এই তথ্য জানায়।

সেখানে দায়িত্বরত একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝুঁকিপূর্ণ অঞ্চলের ১৩ লাখ ৬৪ হাজার ৮৮৬ জন মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে, এই সংখ্যা আরও বাড়বে।

“আশ্রয়কেন্দ্রের আশপাশে যাদের বাড়ি তাদের অনেকে বাড়িতেই অবস্থান করছেন, ঝড় শুরুর কিছুক্ষণ আগে তারা আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান নেন।”

অতিপ্রবল ঘূর্ণিঝড় ফণী শুক্রবার ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর পশ্চিমবঙ্গ হয়ে শনিবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছে।

ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশে ঢোকায় আশঙ্কা অনেকটাই কেটে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাসহ মধ্য ও উত্তরাঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আভাস দেওয়া হয়েছে। 

আশ্রয় কেন্দ্রে ওঠা মানুষদের নিরাপত্তা এবং নিরাপদে ঘরে ফেরার উপর জোর দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

ঝড়ে এই পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও আসেনি দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রে।

কেন্দ্রের ওই কর্মকর্তা বলেন, ঝড় শেষ হলে বিভিন্ন জেলা থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান শনিবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ঘূর্ণিঝড় ফণীর সবশেষ পরিস্থিতি তুলে ধরবেন।

ত্রাণ প্রতিমন্ত্রী আগেই জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং উপকূলীয় এলাকার ভালো ভবনগুলোকে আশ্রয় কেন্দ্রে রূপান্তর করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝড়ের গতি কমে আসায় ক্ষয়ক্ষতি খুব বেশি হবে না বলেও আশা করছেন তিনি।

দেশের ১৯ জেলার ১৪৭টি উপজেলার ১৩ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত; সেখানে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের বসবাস।

এই ১৯ জেলায় ৪ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যার বেশিরভাগই প্রস্তুত রাখা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ত্রাণ সচিব শাহ কামাল জানিয়েছেন, নেভি, কোস্টগার্ড, পুলিশ, আনসার-ভিডিপি, স্বেচ্ছাসেবকসহ রাজনৈতিক দলের কর্মীরা উপকূলের মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

পুরনো খবর:

ফণী ঢুকেছে বাংলাদেশে
ঘূর্ণিঝড় ফণী: সাড়ে ১২ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে