২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

রাজধানীর আদাবরে ছয় বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 09:23 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

গৃহকর্তার বাসা থেকে কৌশলে পালিয়ে আসা শিশুটি মঙ্গলবার দুপুরে শেখেরটেক ৮ নম্বর সড়কে আহসানুল্লাহ মার্কেটের কাছে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করা সময় এক নারীর নজরে আসে।

শিশুটির মুখে নির্যাতনের বর্ণনা মুনে ওই নারী তা পুলিশকে জানালে ইতি বেগম (২৫) নামে ওই গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

আদাবর থানার এসআই মতলুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখেরটেকের ৬নম্বর সড়কের ৫তলা বাড়ির ৫তলায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহফুজ আলমের বাসায় শিশুটি কাজ করত।

ওই এলাকার বাসিন্দা কালাম হোসেন জানান, একজন মহিলা শিশুটির সঙ্গে কথা বলার সময় আশেপাশে লোকজন জড় হয়ে যায়। পরে নির্যাতনের চিহ্ন দেখে এবং শিশুর মুখে বর্ণনা শুনে সবাই আঁতকে উঠে। তখন

টহল পুলিশকে বিষয়টি জানানো হয়।

এসআই মতলুব জানান, শিশুটিকে পুলিশ হেফাজতে নেওয়ার পর বাড়ি খুঁজে বের করে গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

শিশুটির অভিযোগ, কাজে কোনো ত্রুটি পেলেই তার উপর নির্যাতন চলত। পেটে গরম পানি ঢেলে দেওয়া হত, খুন্তি দিয়ে ছ্যাঁকাও দেওয়া হত।

গৃহকর্ত্রী ইতি নির্যাতনের অভিযোগ স্বীকার করে বলেছেন, চুরি করে খাবার খেত এবং তার শিশু সন্তানকে ঠিক মতো দেখতো না বলেই নির্যাতন করেতেন তিনি।

গৃহকর্তা মাহফুজ আলমের বাড়ি বাগেরহাটে। শিশুটির বাড়িও ওই এলাকায়। প্রায় চার মাস আগে শিশুটি ওই বাসায় কাজে আসে।

পুলিশ জানায়, শিশুটির বাবা বোবা। মা স্বামীকে ছেড়ে আরেকটি বিয়ে করে চলে যাওয়ার পর তার ঠাই হয় নানীর কাছে।

শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। গৃহকর্ত্রী ইতিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই মাতলুব।