মে দিবসের কর্মসূচিতে পুরনো দাবিগুলোই আবার
দৈনিক আট ঘণ্টা কর্ম, ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করা, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার, নিরাপদ কর্মস্থল, কল-কারখানায় দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও শ্রমিক নির্যাতন-নিপীড়ন বন্ধের পুরনো দাবিগুলেই আবার উঠল মে দিবসে ঢাকায় শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচিতে।
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে বুধবার সরকারি ছুটির দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিক সংগঠনগুলোর লাল পতাকা মিছিল, শোভাযাত্রা আর সমাবেশে মুখর ছিল রাজধানীর রাজপথ।
শ্রমিক লীগ, শ্রমিক দল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টসহ নানা ক্ষেত্রের শ্রমিক সংগঠনগুলো জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড়সহ আশপাশের এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে।
শ্রমিক স্বার্থ রক্ষায় সরকার ও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সংগঠনগুলোর নেতারা।
রক্তাক্ত এক ইতিহাস পেরিয়ে ১৮৯০ সাল থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' হিসেবে পালিত হচ্ছে।
১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে ধর্মঘট শুরু করেছিল।
সেই আন্দোলন দমনে শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।
এরপর ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে বিশ্বজুড়ে পালন শুরু হয় দিনটি।
কার স্বার্থে মালিক-শ্রমিক ঐক্য: মেনন
পুরানা পল্টন মোড়ে শ্রমিক ফেডারেশনের সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারের মালিক-শ্রমিক ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন।
মে দিবস উপলক্ষে শ্রম মন্ত্রণালয়ের ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’ স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, “সরকার কার স্বার্থে মালিকদের সঙ্গে শ্রমিকদের ঐক্য গড়ার শপথ করালেন। গত ১০ বছরে উপরতলার মানুষের সম্পদ বেড়েছে ১৫৫ শতাংশ আর নিচ তলার মানুষের সম্পদ কমেছে ১২১ শতাংশ।
“আপনারা (উপরতলা) বাড়ির পর বাড়ি করছেন আর আমাদের গার্মেন্টস শ্রমিকরা যুগ যুগ ধরে ঝুপড়ি ঘরে বাস করছে। তাদের জন্য একটি ডরমিটরিরও ব্যবস্থা করতে পারেননি।”
একটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে সাবেক মন্ত্রী মেনন বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের ৫৮ শতাংশ মানসিক, ২১ শতাংশ যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনকারী সেই মালিকদের সঙ্গে সরকার শ্রমিকদের ঐক্য করতে বলেছেন!’
মালিকদের সঙ্গে ঐক্য না করে সবগুলো শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে এই বাম নেতা বলেন, “শ্রমিক সব সংগঠনগুলোর ঐক্য করতে পারলে সব দাবি আদায় হবে।”
সমাবেশ থেকে তৈরি পোশাককর্মীদের মাতৃত্বকালীন ছুটি দুই মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার দাবি জানানো হয়। সব কারখানায় মজুরি কাঠামো বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত, চাকরিচ্যুত ১১ হাজার গার্মিন্টস শ্রমিককে পুনঃনিয়োগ ও শ্রমিক ও শ্রমিক নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১৩ দফা দাবি তুলে ধরা হয় সমাবেশে।
কড়ায় গণ্ডায় বকেয়া মজুরি আদায় করবে শ্রমিকরা: সেলিম
পল্টন এলাকার মুক্তাঙ্গনে সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, যাতে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
মালিবাগ এলাকার লুমান গার্মেন্ট, লোপা গার্মেন্ট, খিলগাঁও এলাকার সিসিলি গার্মেন্ট, রামপুরার টেকনোটেস্ট গার্মেন্ট, গাজীপুর চৌরাস্তা এলাকার ইনট্রামেক্স গার্মেন্টসহ ন্যূনতম দুই থেকে চার মাসের বেতন বকেয়া পড়েছে এমন অন্তত আটটি গার্মেন্টসের শ্রমিকরা এ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে সিপিবি সভাপতি সেলিম বলেন, “স্বাধীনতার আগে এদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হত না। দেশ স্বাধীনের পর আমাদের ওয়াদা ছিল দেশের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে, কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাবে।
“কিন্তু হাসিনা সরকারের আমলে ন্যায্য মজুরি তো দূরে থাক, শ্রমিকরা পাওনা মজুরিটাই পাচ্ছে না। সেই পাওনাটা চাইতে গেলেও সরকারের পুলিশ শ্রমিকদের পেটাচ্ছে, সাদা পোশাকে ধরে নেওয়া হচ্ছে, মামলা দিচ্ছে। মালিকরা তাদের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে।”
দেশের কোনো গার্মেন্টসে ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না দাবি করে সেলিম বলেন, ‘যতই দমন-নিপীড়ন করেন মাথার ঘাম পায়ে ফেলে, জীবনীশক্তি ক্ষয় করে যে শ্রমিক দিনরাত কাজ করছে, সে তার পাওনাও আদায় করতে পারবে।”
ন্যায্য ও পাওনা মজুরি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সিপিবি সভাপতি বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেন। না হলে কড়ায় গণ্ডায় বকেয়া মজুরি আদায় করবে শ্রমিকরা।”
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাদিকুর রহমান শামীম, মঞ্জুর মঈন প্রমুখ।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বুধবার মে দিবসের সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে শোভাযাত্রা করে। ছবি: আসিফ মাহমুদ অভি
প্রধানমন্ত্রীর ঘোষণার দ্রুত বাস্তবায়ন চান হকাররা
বিকল্প কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ফুটপাতের এক-তৃতীয়াংশে বেলা ১২টা থেকে বসতে দেওয়ার দাবি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
প্রধানমন্ত্রী ফুটপাতের হকারদের নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা বৃহস্পবিারের মধ্যে সিটি করপোরেশন বাস্তবায়ন না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন হকার নেতারা।
দুপুরে বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন সড়কে সমাবেশে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী গত ২৪ এপ্রিল সংসদে বলেছেন, সপ্তাহে ছুটির দুই দিন হকাররা ফুটপাতে বসতে পারবে। আর বাকি ৫ দিন নির্দিষ্ট সময় বসতে পারবে।
“আগামীকালের ভেতরে প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে।”
সমাবেশে সংগঠনটির কার্যকরি সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল, সভাপতি আবুল হোসেন কবীর, সহ-সভাপতি মো. আবুল কালাম, মো. শহীদ, সাংগঠনিক সম্পাদক হাসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক হযরত আলী বক্তব্য রাখেন।
নিয়োগপত্রের দাবি প্রাইভেটকার চালকদের
নিয়োগপত্রের দাবি জানিয়ে মুক্তাঙ্গনে সমাবেশ করেছে প্রাইভেটকার ড্রাইভার্স ইউনিয়ন।
সমাবেশে সংগঠনটির যুগ্ম সম্পাদক হযরত আলী বলেন, “বাস, ট্রাক, ভ্যান বা কোম্পানির গাড়ির চালকদের অনেক ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হলেও প্রাইভেটকার চালকদের নিয়োগপত্র দেওয়া হয় না। ফলে তার কর্মঘণ্টা থাকে না। যখন খুশি তখন ডিউটি করতে হয়। এমনকি সারাদিন ডিউটি করতে হয়।
“যে কারণে সে ওভারটাইমের মজুরি পায় না। তাই প্রাইভেটকার চালকদের জন্য নিয়োগপত্র, ওভারটাইমের মজুরি পাওয়ার নীতিমালা করার দাবি জানাচ্ছি।”
দক্ষ চালক তৈরি করতে বিআরটিএ’র দুর্নীতি, হয়রানি বন্ধ করারও দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ইয়াসিন স্বপন, আহ্বায়ক রুহুল আমিন, সদস্য মোমতাজ মো. তৌফিক, জাহিদ নগর, সাইফুল।
আরও কর্মসূচি
আওয়ামী লীগ সমর্থিত জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে সংগঠন ও দলীয় নেতারা বক্তব্য রাখেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী শ্রমিক দল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে। তার আগে সেখানে সমাবেশ করে তারা।
বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক সংগঠনের প্ল্যাটফর্ম শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলনের সমাবেশ থেকে শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা বাদ দেওয়ার দাবি জানানো হয়।
সংযুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করা দাবি জানান।
তিনি বলেন, “আজকে মে দিবসে যেসব কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে, সেসব কল-কারখানার মালিকদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।”
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-সদস্যদের অত্যাচার নির্যাতন বন্ধ ও জাতীয় বেতন স্কেলের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।
সংগঠনটির চেয়ারম্যান মোস্তফা কামাল সমাবেশে বলেন, “সামান্য বেতন আর কারও কারও দয়া-অনুদানে গ্রাম পুলিশরা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। আমরা কারও দয়া-অনুদানে চলতে চাই না। কারও আজ্ঞাবহও হতে চাই না। আমাদের জন্য একটি বেতন স্কেল ঘোষণা করা হোক।”
মে দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, বাংলাদেশ পোশাক শিল্প ফেডারেশন, রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ইসলামী শ্রমিক আন্দোলন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, ঢাকা মহানগরী প্রাইভেট কার ও ট্যাক্সি ক্যাব ড্রাইভার্স ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদসহ আরও বহু সংগঠন মিছিল, সমাবেশ, মানববন্ধন করেছে।
