জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি মে দিবসের সমাবেশে
জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
বুধবার মে দিবসের সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক শ্রমিক সমাবেশ থেকে ‘গণতান্ত্রিক’ শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রণয়নেরও দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
তারা বলেন, ন্যায়সঙ্গত অধিকার, সামাজিক মর্যাদা ও সুরক্ষা থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। একদিকে তারা বাঁচার মত মজুরি পাচ্ছে না, অন্যদিকে ন্যায্য মজুরির অধিকার আদায়ে অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার থেকেও তারা বঞ্চিত হচ্ছে।
কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে টিইউসি সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বলেন, “রানা প্লাজা, তাজরীণ গার্মেন্টসহ বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড, দুর্ঘটনায় বিশ্ব বিবেক জাগ্রত হলেও আমাদের শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত হয়নি। দেখা যাচ্ছে যে কোনো দুর্ঘটনায় বেশিরভাগই প্রাণ হারাচ্ছে শ্রমজীবী মানুষ। শুধুমাত্র কারখানা বা কর্মক্ষেত্র নয়, যে কোনো জায়গায় শ্রমিক-শ্রমজীবীদের জীবনই সবচেয়ে বেশি অনিরাপদ।”
দেশের মোট শ্রমশক্তির ৯০ শতাংশের বেশি ‘অসংগঠিত খাতের শ্রমিক’ জানিয়ে প্রবীণ এ শ্রমিক ইউনিয়ন নেতা বলেন, “নির্মাণ, চাতাল, শিপ ব্রেকিং, গার্মেন্ট, ওয়েল্ডিংসহ বিভিন্ন শিল্প, কারখানা-প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ট্রেড ইউনিয়ন করতে না দেওয়ায় অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে কোনো ধরনের দরকষাকষি করতে পারছে না।”
আট ঘণ্টা শ্রম, আট ঘণ্টা বিশ্রাম, আট ঘণ্টা বিনোদন, শোভন কাজ ও ন্যায্য মজুরিসহ যে দাবিগুলোর ভিত্তিতে মে দিবসের সৃষ্টি, দেশের শ্রমিক কর্মচারীরা তা থেকে এখনও বঞ্চিত বলে অভিযোগ করেন তিনি।
আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ নম্বর শর্তে শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশে শ্রমিকদের সেই গণতান্ত্রিক অধিকার ‘হরণ’ করা হচ্ছে বলে অভিযোগ করেন টিইউসির নেতারা।
তারা বলেন, মুক্তবাজার অর্থনীতির দাপটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। পরিবার-পরিজন নিয়ে শ্রমজীবী মানুষদের এখন বেঁচে থাকাই কঠিন হয়ে গেছে।
টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, তৈরি পোশাক খাত দেশের সবচেয়ে বড় শিল্প খাত হলেও শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা চার সদস্যের একটি ছোট পরিবারের বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়।
“একই দেশে দুটি শ্রম আইন কোনোভাবেই থাকতে পারে না। ইপিজেডের জন্য আলাদা শ্রম আইন করা হয়েছে। এটা নিয়ম বহির্ভূত। অথচ পার্টিসিপেটরি কমিটির নামে পোশাক শিল্পসহ নতুন নতুন শিল্পের শ্রমিক-কর্মচারীদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা হচ্ছে। আমরা বলতে চাই, এসব পার্টিসিপেটরি কমিটি কখনোই ট্রেড ইউনিয়নের বিকল্প হতে পারে না “
গৃহ শ্রমিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “গ্রামের নারী ও শিশুরা শহরে গৃহ শ্রমিকের কাজ করতে এসে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। অনেককে লাশ হয়ে ফিরে হচ্ছে, কোনো প্রতিকার নেই। ২০১৬ সালে সরকার গৃহ শ্রমিকদের সুক্ষায় নীতিমালা করেছিল। কিন্তু ওই নীতিমালার বাস্তবায়ন হচ্ছে না। ফলে দিন দিন গৃহ শ্রমিকদের উপর নির্যাতন-নিপীড়ন বেড়েই চলেছে।”
‘স্বার্থান্বেষী মহল’ শ্রমিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও শ্রমিকদের হুঁশিয়ার করেন ওয়াজেদুল ইসলাম খান।
“এরা শ্রমিক শ্রেণির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নানা কৌশলে তারা শ্রমিকদের মধ্যে দ্বিধা-বিভক্তি সৃষ্টি করে এবং শ্রমিক আন্দোলনে আপসকামিতা সৃষ্টি করে আন্দোলনকে দুর্বল করার চেষ্টায় লিপ্ত। আমাদের এসব ষড়যন্ত্র, দ্বিধা-বিভক্তি, আপকামিতার বিষয়ে সজাগ থাকতে হবে।”
এই শ্রমিকনেতা জাতীয়-আন্তর্জাতিক ‘শ্রমিকবিরোধী শক্তির’ বিরুদ্ধে লড়াই-সংগ্রামের আহ্বান জানিয়ে মে দিবসের সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৮ দফা দাবি তুল ধরেন।
জাতীয় ন্যনতম মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন, শ্রম আইন ও শ্রম বিধি প্রণয়ন ছাড়াও শ্রমিকের জন্য রেশন চালু করে স্বল্পমূল্যে চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে ভাতা দেওয়া, নারী ও পুরুষ শ্রমিকদের সমান মজুরি, প্রসূতিকালীন ছুটি এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবি রয়েছে ওই আট দফার মধ্যে।
অন্যদের মধ্যে টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, টিউসি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আসলাম খান সমাবেশে বক্তব্য দেন।
