২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা অনিষ্পন্ন দেড় যুগ, বিচারককে হাই কোর্টে তলব

দেড় যুগের বেশি পুরনো একটি হত্যা মামলার বিচার শেষ না হওয়ায় তার ব্যাখ্যা জানতে ঢাকার একটি আদালতের বিচারককে তলব করেছেন হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 06:24 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে আগামী ৮ মে মামলাটির নথিসহ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

ওই মামলার আসামি হেমায়েত ওরফে কাজল ওরফে কাননের জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেয় হাই কোর্ট।

জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রশিদ মিয়া বাদশা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

সহকারি অ্যাটর্নি জেনারেল পরে সাংবাদিকদের বলেন, ১৯৯৮ সালে ডেমরার হযরত আলী হত্যা মামলায় আসামি হেমায়েত ওরফে কাজল ওরফে কাননের জামিন আবেদনের শুনানির সময় বিষয়টি আদালতের নজরে আসে।

“দীর্ঘদিনেও মামলাটির বিচারকাজ শেষ না হওয়ায় ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারককে তলব করেছেন আদালত। আগামী ৮ মে আদালতে হাজির হতে বলা হয়েছে।”

১৯৯৮ সালের ১৬ মার্চ হযরত আলীকে কুপিয়ে হত্যা করা হয়। একই সঙ্গে মাসুদ হোসেন ব্রিটেন নামের আরেক যুবকের দুই হাত কেটে নেওয়া হয়। এই ঘটনায় নিহত হযরত আলীর বাবা শওকত আলী ফকির বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে ডেমরা থানায় মামলা করেন।

এ মামলায় তদন্ত শেষে হেমায়েতসহ ১০ জনের বিরুদ্ধে ২০০৩ সালের ১১ মে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলায় নিম্ন আদালতে ২০০৪ সালের ৮ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ২ মে সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে।

আসামি হেমায়েত এর আগে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতে হাজির না হওয়ায় গত বছর ৭ ফেব্রুয়ারি তার জামিন বাতিল করে বিচারিক আদালত।

এরপর গত ৩১ মার্চ নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হেমায়েত। আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এ অবস্থায় হাই কোর্টে জামিনের আবেদন করা হয়। সোমবার এই জামিন আবেদনের ওপর শুনানি হয়।