‘কালো ব্যাগ’ কাঁধে জঙ্গিদের হলি আর্টিজানে ঢুকতে দেখেন লতিফুল
তিন বছর আগে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার দিন পাঁচ সন্ত্রাসীকে কাঁধে কালো ব্যাগ নিয়ে অভিজাত ওই রেস্তোরাঁয় ঢুকতে দেখেছিলেন পাশের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াং ফোর্সের সুপারভাইজার মো. লতিফুল বারী।
মামলার আলামত জব্দ তালিকার সাক্ষী হিসেবে সোমবার আদালতে তিনি জানিয়েছেন, কমান্ডো অভিযানের পর ঘটনার যেসব আলামত জব্দ করা হয়, সেসবের মধ্যে কালো ওই ব্যাগগুলো দেখে তিনি চিনতে পেরেছিলেন।
এদিন জব্দ তালিকার আরেক সাক্ষী বেসিক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্মকর্তা সাইফুল ইসলামও সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আগামী ৬ মে পরবর্তী দিন রাখেন।
আদালতে দেওয়া সাক্ষে লতিফুল বারী বলেন, “২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে পাঁচজন সন্ত্রাসী কাঁধে কালো ব্যাগ নিয়ে হলি আর্টিজান রেস্টুরেন্টে প্রবেশ করে। একটু পর আমরা গোলাগুলির শব্দ শুনতে পাই। এভাবে সারারাত গোলাগুলি চলতে থাকে।
“পরদিন সকাল সাড়ে ৭টার দিকে সেনা কমান্ডোবাহিনী আসে, তাদের ঘিরে ফেলে। এরপর তাদের অ্যাটাক করে। পরদিন এসআই রিপন কুমার দাস আমাকে সঙ্গে করে ঘটনাস্থলে নিয়ে যান। সেখানে মামলার আলামত হিসেবে অস্ত্র-গুলি, ছোড়াসহ ২৫ ধরনের জিনিস শনাক্ত করা হয়।”
লতিফুল বারী জানান, হলি আর্টিজানের পাশেই তাদের অফিস। ঘটনার সময় নিরাপত্তার কাজে তিনি হলি আর্টিজানের পাশেই অবস্থান করছিলেন।
পরে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জেরা করতে এসে সাক্ষ্য দেওয়ার লতিফুল বারীকে বলেন, “পাঁচ সন্ত্রাসীকে যে হলি আর্টিজানে ঢুকতে দেখলেন, আপনি থানায় জানিয়েছিলেন?”
লতিফুল থানায় জানাননি বলে উত্তর দেন।
বেসিক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্মকর্তা সাইফুল ইসলাম তার সাক্ষে বলেন, ২০১৬ সালের ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে হাসনাত রেজা করিমের মেয়ের জন্মদিন পালন উপলক্ষে হলি আর্টিজানে যান তিনি।
“৯টার দিকে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা হয়। ওই হামলার সময় হাসনাত রেজা করিম সপরিবারে জিম্মি থাকেন। ১৫ অগাস্ট পুলিশ হাসনাত রেজা করিমের বাসায় গিয়ে তার ল্যাপটপ, পাসপোর্ট জব্দ করে।”
মামলায় এই দুইজনসহ ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলে ট্রাইব্যুনালের পেশকার মো. আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। যৌথ বাহিনী পরে অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ছয় জঙ্গি নিহত হয়।
২০১৮ সালের ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির এই মামলায় আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছর ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।
আসামিরা হলেন- হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
এরা সবাই কারাগারে আছেন। এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
