বুদ্ধিজীবী কবরস্থানে শেষ শয্যা নিলেন মাহফুজউল্লাহ
জানাজা আর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে সমাহিত করা হয়েছে সাংবাদিক মাহফুজউল্লাহকে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তার দাফনের সময় উপস্থিত ছিলেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, বড় ভাই অধ্যাপক মাহবুবউল্লাহসহ স্বজনরা। বিএনপি ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুও ছিলেন সেখানে।
এর আগে বিকালে জাতীয় প্রেস ক্লাবে মাহফুজউল্লাহর মরদেহ নেওয়া হলে সাংবাদিকসহ রাজনীতিবিদ ও পেশাজীবীরা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জাতীয় প্রেস ক্লা্ব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, নোয়াখালী সাংবাদিক ফোরাম, জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিএনপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়াকার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদনের আগে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মোহাম্মদ শাহজাহান, খন্দকার মাহবুব হোসেন, এজেডএম জাহিদ হোসেন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নুর মোহাম্মদ খান, জহির উদ্দিন স্বপন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, নওয়াজ আলী আব্বাস খান, এএসএম শামীম, বিকল্পধারার শমসের মবিন চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, গণফোরামের রফিকুল ইসলাম পথিক, নঈম জাহাঙ্গীর, ফকির আলমগীর প্রমুখ।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, ইকবাল সোবহান চৌধুরী, শফিকুর রহমান, প্রয়াত মাহফুজউল্লাহ একমাত্র ছেলে মোস্তফা হাবিব অন্তু, বড় ভাই অধ্যাপক মাহবুবউল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে দুপুরে গ্রিন রোডের মসজিদে মাহফুজউল্লাহর প্রথম জানাজায় বিএনপির আবদুল আউয়াল মিন্টু, আবদুল কাইয়ুম, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ শিক্ষক-সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবীসহ স্থানীয়রা অংশ নেন।
পরিবারের পক্ষ থেকে আগামী ১ মে জাতীয় প্রেস ক্লাবে মিলাদ মাহফিল কবে। এতে সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তারা।
থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান মাহফুজউল্লাহ। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি গুরুতর অসুস্থ হয়ে গত তিন সপ্তাহ ধরে ব্যাংককের হাসপাতালটিতে ছিলেন।
