শুধু বিচারক বাড়ালেই মামলাজট কমবে না: প্রধান বিচারপতি
বাংলাদেশে প্রয়োজনের তুলনায় বিচারক কম থাকলেও শুধু এর সমাধানেই মামলাজট কমবে না বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তার মতে, মামলাজট নিরসন ও বিচার প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে বিচারকের সংখ্যা বৃদ্ধি ও কাঠামোগত উন্নয়নের পাশাপাশি সঠিক মামলা ব্যবস্থাপনা প্রয়োজন।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ উন্নত অনেক দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অধিকাংশ মামলা নিষ্পত্তির উদাহরণ দিয়ে বাংলাদেশেও এই প্রক্রিয়া অনসুরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি।
শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে দেশের বিদ্যমান বিচার ব্যবস্থায় ন্যায়বিচার সংক্রান্ত একটি নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এই মতামত তুলে ধরেন সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি বলেন, “বিচারক সঙ্কট, অবকাঠামোগত অপ্রতুলতাকে মামলাজটের অন্যতম কারণ মনে হলেও শুধুমাত্র বিচারক বা অবকাঠামোগত উন্নয়ন দিয়ে এ অবস্থার উন্নয়ন সম্ভব নয়।
“এর থেকে উত্তরণের জন্য প্রয়োজন সঠিক মামলা ব্যবস্থাপনা, যা নিশ্চিত করতে আমাদের দুটি ধাপে কাজ করতে হবে। প্রথমত, প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থায় মামলা দায়েরের হার কমানো এবং দ্বিতীয়ত, মামলা দায়েরের পর প্রতিটি পর্যায়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি করতে হবে।”
বিচারাধীন মামলার তুলনায় বিচারকের অপর্যাপ্ততা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, “ফলে প্রতিদিন মামলাজট বেড়েই চলেছে। বাংলাদেশে প্রতি দশ লাখ লোককে মাত্র ১০ জন বিচারক বিচারিক সেবা দিচ্ছেন, যেখানে যুক্তরাষ্ট্রে ১০৭, কানাডায় ৭৫, ব্রিটেনে ৫১, অস্ট্রেলিয়ায় ৪১ এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতে ১৮ জন বিচারক কাজ করে থাকেন।”
বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশ কতটা পিছিয়ে সেই চিত্রও তুলে ধরেন সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ মামলা পারস্পরিক বোঝাপড়া বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। বড় জোর ১০ থেকে ১৫ শতাংশ মামলা নিষ্পত্তি হয় আদালতে।
“আর আমাদের দেশে এর চিত্র ঠিক তার বিপরীত। এদেশে কেবল ১০ থেকে ১৫ শতাংশ মামলা নিষ্পত্তি হয়ে থাকে বোঝাপড়া বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে। আর ৮৫ থেকে ৯০ শতাংশ মামলার নিষ্পত্তি হয় আদালতে।”
মামলা ব্যবস্থাপনা এবং কোর্ট প্রশাসনও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, “দৈনন্দিন কাজের পাশাপাশি প্রতি বুধবার সাধারণ ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য গত বছরের ৫ ডিসেম্বর থেকে ১৬টি বেঞ্চকে এখতিয়ার দেওয়া হয়েছে। তারা সাড়ে তিন মাসে ৮০ হাজার ৭৩৪টি মামলার মধ্যে ৪১ হাজার ৪৬৪টি মামলা নিষ্পত্তি করেছে।”
বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ মীমাংসার ওপর জোর দিয়ে তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থায় মামলা কমিয়ে আনার ক্ষেত্রে বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তির প্রচলিত আইনি বিধানগুলো আরও সূক্ষ্মভাবে প্রয়োগ করা প্রয়োজন।
