ঢাকায় অনিয়মে ৩৩৪ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের স্পেশাল টাস্কফোর্সের অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৩৩৪টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান জানান।
তিনি বলেন, চারটি ট্রাফিক বিভাগের চারটি স্পেশাল টাস্কফোর্সের অভিযানে মোট ৭৩৬টি গণপরিবহন তল্লাশি করে ট্রাফিক আইন অমান্যকারী ১৩৯টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৮৭টি গাড়ি রেকারিং ও ৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
এর মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ ধোলাইপাড় ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ১৬৫টি গাড়ি তল্লাশি করে ৩৫টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৫১টি গাড়ি রেকারিং ও তিনটি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক পশ্চিম বিভাগ মিরপুর-১৪, দিয়াবাড়ি ও বসিলা এলাকায় অভিযান চালিয়ে ১৮৬টি গাড়ি তল্লাশি করে ৪০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২৭টি গাড়ি রেকারিং ও চারটি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক উত্তর বিভাগ আমতলী ও খিলক্ষেতের পুলিশ প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৯৫টি গাড়ি তল্লাশি করে ২৩টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন ও ৪৭টি গাড়ি রেকারিং করে।
এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ জিরো পয়েন্ট ও গোলাপ শাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯০টি গাড়ি তল্লাশি করে ৪১টির বিরুদ্ধে প্রসিকিউশন, ৬২টি গাড়ি রেকারিং ও একটি গাড়ি ডাম্পিং করে।
অভিযানকালে ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন গণপরিবহন, ইন্টারসেকশনে ও বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক-আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা দেওয়া গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ অভিযান চলবে বলে ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়।
