২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আহ্বান

দেশের প্রত্যেক নাগরিককে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2019, 10:19 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

শুক্রবার ঢাকায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ‘বর্তমান সরকার মুজিবনগর সরকারের ধারাবাহিক সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনের পূর্ণ সুফল ভোগ করতে হলে সকলকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

“বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সকলকে দেশসেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।”

পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠাণ্ডু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি মশিউর মালেক এ অনুষ্ঠানে বক্তব্য দেন।

এদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স আওয়ামী পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানেও অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অর্থনীতির গতি সচল রেখে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।

ফরহাদ বলেন, “গার্মেন্টস ও টেক্সটাইল খাতে বাংলাদেশ বিশ্বে শক্তিশালী অবস্থান দখল করে আছে। এর পেছনে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম ও আন্তরিকতা। তাদের নিরলস প্রচেষ্টাতেই আজ এই খাতে দেশ বিশ্বে শক্তিশালী অবস্থান দখল করতে পেরেছে।

“বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে হলে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।”

২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে বাংলাদেশ টেক্সটাইল ইন্জিনিয়ার্স আওয়ামী পরিষদের সদস্যসহ সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ টেক্সটাইল ইন্জিনিয়ার্স আওয়ামী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এম এম সিদ্দিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য জাকির হোসেন সাগর বক্তব্য দেন।