খাদ্য ও কৃষিতে সহযোগিতায় আগ্রহী ব্রুনেই: প্রধানমন্ত্রী
ব্রুনেই খাদ্য ও কৃষিক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রুনেই সফর নিয়ে শুক্রবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষি ক্ষেত্রে কারিগরি সহযোগিতাসহ যৌথভাবে খামার স্থাপন, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিপণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সম্ভাবনা বিবেচনার বিষয়ে উভয় একমত হয়েছে।
“খাদ্য ও কৃষি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন উল্লেখ করে এ সব ক্ষেত্রে ব্যাপকভিত্তিক দ্বিপক্ষীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ব্রুনেই।”
ব্রুনেই দারুস সালামের সুলতান হাজী হাসানাল বল্কিয়ার আমন্ত্রণে গত ২১ থেকে ২৩ এপ্রিল দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফর নিয়ে তিনি বলেন, “ব্রুনেইয়ে এটাই ছিল আমার প্রথম সরকারি সফর। সফরকালে ব্রনেইয়ের সুলতান আমার এবং আমার সফরসঙ্গীদের প্রতি যে আতিথেয়তা ও সম্মান দেখিয়েছেন তা ছিল খুবই বিরল। আমাদের এ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সার্বিক বিবেচনায় এ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।”
ব্রুনেই সফরের অভিজ্ঞতা নিয়ে শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
তিনি বলেন, “আমি বাংলাদেশের উদার বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ সম্পর্কে তুলে ধরি এবং ব্রুনেইয়ে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাই।
“দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চালুর জন্য সমীক্ষা পরিচালনা এবং ভবিষ্যতে দ্বৈতকর অব্যাহতি চুক্তি এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সংরক্ষণ চুক্তির সম্ভাব্যতা বিবেচনার সিদ্ধান্ত হয়।”
বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে খাদ্য প্রক্রিয়াকরণ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ শিল্প, পর্যটন অবকাঠামো, পাট শিল্প ইত্যাদি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয় বলে জানান শেখ হাসিনা।
এছাড়াও স্বাস্থ্য খাতে প্রশিক্ষণ ও পেশাজীবীদের নিয়োগ, ওষুধ উৎপাদন ও বাণিজ্য, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র স্থাপনসহ অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে মতৈক্য হয়েছে বলে জানান তিনি।
ব্রুনেইয়ের সুলতান বাংলাদেশের ‘অভূতপূর্ব’ আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রসংশা করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুলতান শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন। আসিয়ান, ওআইসি, কমনওয়েলথ, ইউএনসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতৈক্য হয়।
ব্রুনেই সফরের অভিজ্ঞতা নিয়ে শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
তিনি বলেন, “সুলতান রোহিঙ্গা সমস্যার ন্যায়ভিত্তিক ও স্থায়ী সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
“রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ান দেশসমূহের অধিকতর অংশগ্রহণ ও কার্যকর ভূমিকা পালন নিশ্চিত করার বিষয়ে আমি সুলতানের সহযোগিতা কামনা করি।”
সুলতান আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বলেও সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরে ব্রুনেইয়ের সঙ্গে কৃষি, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া, মৎস্য সম্পদ, প্রাণিসম্পদ ও জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এছাড়াও কূটনৈতিক ও সরকারি পাসপোর্ট বহনকারীদের পারস্পরিক ভিসা অব্যাহতির লক্ষ্যে কূটনৈতিক পত্র বিনিময় হয় বলেও সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী।
