‘আরেক জাহালমকাণ্ডে’ মামলার নথি তলব হাই কোর্টের
নিরাপরাধ জাহালমের মতো আরেকজনের দণ্ডে জেল খাটা ঢাকার পল্লবীর বেনারসি কারিগর মো. আরমানের মামলার নথি তলব করেছে হাই কোর্ট।
আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজকে হাই কোর্টে নথি দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের করা এক রিট আবেদনে মঙ্গলবার প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দিয়ে আগামী ৬ মে পরবর্তী আদেশের জন্য দিন রেখেছে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ।
এছাড়া আরমানকে আটক রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাকে কেন মুক্তি দেওয়া হবে না, তাকে হাই কোর্টে হাজির করার কেন নির্দেশ দেওয়া হবে না এবং তাকে যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না. জানতে চেয়ে রুলও জারি করেছে হাই কোর্ট।
স্বরাষ্ট্র সচিব, পুলিশ প্রধান, ঢাকার পুলিশ সুপার, পল্লবী থানার ওসিসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আরমানকে কারাগারে বন্দি রাখা নিয়ে ‘কারাগারে আরেক জাহালম’ শিরোনামে গত ১৮ এপ্রিল একটি জাতীয় দৈনিক প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করা হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
সম্প্রতি নরসিংদীর পাটকল শ্রমিক জাহালমের ‘ভুল আসামি’ হয়ে ২৬ মামলায় প্রায় ৩ বছর কারাভোগের ঘটনাটি পত্রিকায় প্রকাশের পর সারাদেশে আলোচনার ঝড় উঠে। তা নজরে আসার পর হাই কোর্টের হস্তক্ষেপে মুক্তি পান জাহালম।
এরপরই গত ১৮ এপ্রিল আরমানের ঘটনাটি প্রকাশিত হয় সংবাদপত্রে। এতে বলা হয়, পুলিশের ভুল অথবা কারসাজিতে মাদকের মামলায় শাহাবুদ্দিন নামে এক আসামির সাজা খাটছেন আরমান।
২০০৫ সালের ৩০ অগাস্ট পল্লবীর ৬ নম্বর সেকশনের সি-ব্লকের ৮ নম্বর লেনের ৭ নম্বর ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ শাহাবুদ্দিন গ্রেপ্তার হয়েছিলেন।
তারপর শাহাবুদ্দিন ও তার সঙ্গে গ্রেপ্তার সোহেল মোল্লা ও মামুন ওরফে সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় মামলা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়।
সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুবছর কারাবাসের পর জামিনে বের হয়ে ফেরারী হয়ে যান শাহাবুদ্দিন। তার মধ্যেই ২০১২ সালের ১ অক্টোবর তার ১০ বছর কারাদণ্ডের রায় দেয় ঢাকার একটি আদালত। পলাতক শাহাবুদ্দিনকে গ্রেপ্তারে জারি হয় পরোয়ানা।
এরপর ২০১৬ সালের ২৭ জানুয়ারি সকালে পল্লবী থানা পুলিশ শাহাবুদ্দিন হিসেবে আরমানকে ধরে নিয়ে যায় বলে তার পরিবার জানায়। তিনি দিন পর আরমানকে বন্দি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পান তার মা ও অন্তঃসত্ত্বা স্ত্রী। পরে তাকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
আরমানের মায়ের অভিযোগ, পুলিশের ভুলে অথবা গোপন কারসাজিতে শুধু বাবার নামে (মৃত ইয়াসিন) মিল থাকায় তিন বছর ধরে কারাগারে রয়েছেন ‘নির্দোষ’ আরমান (৩৬)।
আরমানের স্ত্রী বলেন, পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা শাহাবুদ্দিন গত ২৭ মার্চ কারাগারে গিয়ে আরমানের সঙ্গে দেখা করে ঘটনা ফাঁস করলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দিয়ে আসেন।
