২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ব্যবসায়ীর বিদেশ যাত্রায় দুদকের নিষেধাজ্ঞা

ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) দুটি শাখা থেকে সাড়ে ৫২ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে পরিবারের তিন সদস্যসহ এক ব্যবসায়ীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2019, 07:19 PM

Updated : 08 Apr 2022, 04:05 PM

তারা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেই বিষয়ে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপারে কাছে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম চিঠি দিয়েছেন।

দুদক কর্মকর্তা সামছুল অভিযোগটি অনুসন্ধান করছেন।

যাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- ব্যবসায়ী সাইফুর রহমান, তার স্ত্রী সাজিয়া খাতুন, বাবা মির আব্দুর শাকুর ও মা হাসিনা বেগম।

দুদকে আসা অভিযোগে বলা হয়, ফারমার্স ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) সহযোগিতায় ব্যাংকটির মাওনা শাখা ও মিরপুর শাখা থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করেন সাইফুর, যা সুদ-আসলে ৫২ কোটি ৪৭ লাখ টাকা হয়েছে। এই অর্থ সাইফুর রহমান পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়।

ওই ব্যবসায়ী ফারমার্স ব্যাংক থেকে এসব ঋণ গ্রহনে তার স্ত্রী, বাবা ও মাকে জামিনদার করেছেন বলে অভিযোগে বলা হয়।