আগুনে নতর-দামের ক্ষতি পুরো মানবজাতির জন্য দুঃখের: হাসিনা
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘আইকনিক’ স্থাপনা নতর-দাম ক্যাথেড্রাল আগুনে পোড়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, এই ক্যাথেড্রালের ক্ষয়ক্ষতি শুধু ফ্রান্সের জনগণই নয়, পুরো মানবজাতির জন্য ‘দুঃখজনক ও হৃদয় বিদারক’।
প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত এই ক্যাথেড্রালে সোমবার বিকালে আকস্মিকভাবে আগুন লেগে তা পুরো গির্জা ভবনে ছড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সাড়ে আটশ বছরের পুরনো গির্জাটির উঁচু মিনার ও ছাদ ধসে পড়ে। ধ্বংস হয়ে যায় কয়েক শতাব্দীর পুরনো ঐহিত্য।
প্রায় আট ঘন্টা ধরে আগুন জ্বলার পর মঙ্গলবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর গির্জার মূল কাঠামো এবং দুটি বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো ওই শোক বার্তায় শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “ফরাসি জনগণের কষ্ট ও বেদনা আমরাও অনুভব করছি।”
ফ্রান্সের জনগণ যাতে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেই প্রার্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
