২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাতের খুনিদের শাস্তি না হলে ‘আমরা আবার দাঁড়াব’

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2019, 06:29 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

সোমবার সকালে ক্যাম্পাসে অপরাজেয় বাংলার সামনে এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ বলেছেন, এই খুনের বিচার না হলে তারা আবারও নামবেন পথে।

অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে না নেওয়ায় গত ৬ এপ্রিল সোনাগাজীর মাদ্রাসায় কেরোসিন ঢেলে গায়ে আগুন দেওয়া হয় নুসরাতের দেহে। পাঁচ দিন পর হাসপাতালে তার মৃত্যু হয়।

নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় সারাদেশে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে সোমবার মানববন্ধন করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী-শিক্ষক’রা।

কর্মসূচিতে অংশ নিয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান বলেন, “সারা বাংলাদেশ আজ নুসরাত হত্যার বিচার চায়। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সেই সাগর-রুনি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নৃশংস হহত্যাকাণ্ড হয়েছে, আমরা কখনোই বিচার পাইনি। আমরা একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি।”

নুসরাত হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে এর ছেদ ঘটাবেন বলে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করেন লুৎফর।

Image
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।

অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ বলেন, “নুসরাতের শক্তিকে আমরা অভিনন্দন জানাই যে মৃত্যুর আগ পর্যন্ত সে বিচার চেয়েছিল। যদি এই অপরাধীদের দৃষ্টান্তমূলক না দেয়, তাহলে আমরা আবার আসব, আবার দাঁড়াব।”

অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলার পর নুসরাতের দেওয়া জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার জন্য সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসের শাস্তি দাবি করেন অধ্যাপক আকাশ।

“আমরা খুশি হয়েছি যে তাকে ক্লোজ করা হয়েছে। কিন্তু আমরা শুধু এটুকুতেই সন্তুষ্ট হব না। আমরা এই দারোগার শাস্তি দাবি করব। কেন সে সঠিক সময়ে সঠিকভাবে মামলা গ্রহণ করল না, যদি তা করত, তাহলে হয়ত ট্রাজেডি এতদূর অগ্রসর হত না।”

উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সানজিদা আখতার বলেন, “খুনি সিরাজের আমরা দ্রুত বিচার নিশ্চিত করতে চাই। আমরা এরকম একটি উদাহরণ সমাজে সেট করতে চাই, যার মাধ্যমে সকলে অনুভব করতে পারবে, নারী নির্যাতন কী ভয়ংকর একটি অপরাধ!

“যখন একজন নুসরাতকে পুড়িয়ে মারা হয়, তখন আমরা বুঝতে পারি এই আধুনিকতার যুগেও, এই উন্নয়নের যুগেও আমরা কতখানি মধ্যযুগীয় অবস্থায় রয়ে গেছি।”

ঘরে-বাইরে সবখানে নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে কোনো কিছুই অর্থবহ হবে না বলে মন্তব্য করেন এই অধ্যাপক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন বলেন, “২০১০ সালে হাই কোর্ট থেকে বলা হয়েছিল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি যৌন নিপীড়নবিরোধী সেল গঠন তৈরি করতে হবে। সেই জিনিসটাকে আমরা আইন মনে করেছিলাম। আমরা এটাকে আইনে রূপান্তরের জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমেদ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রভাষক মার্জিয়া রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।