২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকাংশ র‌্যাব সদস্য থাকবেন বর্ষবরণ উৎসবের নিরাপত্তায়

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিকাংশ সদস্য নববর্ষের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন এ বাহিনীর ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মো. জাহাঙ্গীর আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2019, 04:16 PM

Updated : 10 Oct 2022, 09:03 PM

পুরনো খবর:

পহেলা বৈশাখ নিয়ে অপপ্রচারে নজর রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈশাখি উৎসবে নারীর ছোট ব্যাগ ছাড়া সব নিষিদ্ধ

শুক্রবার সকালে রমনা বটমূলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখার পর র‌্যাবের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কর্নেল জাহাঙ্গীর বলেন, “কোনো ধরনের হুমকি নেই। সব হুমকি মোকাবেলার সক্ষমতা র‌্যাবের রয়েছে।

সবাই যাতে নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে, সে ব্যবস্থা র‌্যাব নিয়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে কর্নেল জাহাঙ্গীর বলেন, সারাদেশে র‌্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আর ঢাকার পাঁচটি ব্যাটালিয়নের অধিকাংশ সদস্য থাকবেন বৈশাখ বরণের উৎসবের নিরাপত্তায়।

সারাদেশে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নে নয় হাজারের বেশি সদস্য রয়েছেন।

নানা আয়োজনে রোববার ১৪২৫ বঙ্গাব্দকে বরণ করে নেবে বাংলাদেশের মানুষ। ঢাকায় বাঙালির এই সার্বজনীন উৎসবের সূচনা হবে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী  আয়োজনে।  এরপর চারুকলা অনুষদ থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা।

প্রতিবারেরে মত এবারও রমনা বটমূল, চারুকলার মঙ্গল শোভাযা্ত্রাসহ সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, কূটনীতিক পাড়ায় থাকবে বিশেষে নিরাপত্তা।

নিরাপত্তার স্বার্থে সেদিন ব্যাগ, ছুরি, কাঁচি, ব্লেড, দিয়াশলাই বা অন্য কোনো দাহ্য পদার্থ নিয়ে অনুষ্ঠানস্থলে না যেতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে।

র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, “খুব প্রয়োজনে, শিশু খাদ্যের জন্য যদি আনতে হয়, তাহলে ছোট ব্যাগ....। ব্যাগ আনলে তল্লাশিতে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, দীর্ঘ লাইন হয় আর ভোগান্তিও বাড়ে।”

তিনি জানান, ঢাকার বড় বড় অনুষ্ঠানস্থলগুলোতে সেদিন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত থাকবে। পাশাপাশি ইউনিফর্মে ও সাধারণ পোশাকে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।