২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাতের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি ডুসাফের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ফেনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2019, 02:20 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

এই দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে ফেনী জেলার প্রায় অর্ধশত শিক্ষার্থী।

ঢাকা মেডিকেলে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত।

ফেনীর সোনাগাজীর মেয়ে নুসরাত এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী ছিলেন তিনি। ওই মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’ অভিযোগে করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত শনিবার পরীক্ষা কেন্দ্র থেকে ডেকে নিয়ে তার গায়ে ধরিয়ে দেয় বলে পরিবারের অভিযোগ।

ডুসাফের সভাপতি সাদ বিন কাদের বলেন, “নুসরাতের মৃত্যুর জন্য দায়ীদের নিঃশর্ত মুক্তি চেয়ে রাস্তায় যারা নেমেছিল তারা যাদের মদদে নেমেছে, তাদের খুঁজে বের করতে হবে এবং নুসরাতের মৃত্যুর জন্য মাদ্রাসা অধ্যক্ষসহ যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি- ফাঁসি দাবি করছি।”

তিনি বলেন, “আমাদের আর কোনো মা-বোনকে যাতে নুসরাতের মতো অকাল মৃত্যুবরণ করতে না হয় সেই দাবি আমরা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানাব।”

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুসাফের সাধারণ সম্পাদক ফখরুল শামীম, সাবেক সভাপতি ফরকান মাহমুদ, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ প্রমুখ।