২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রের বিশ্বকাপে বাংলাদেশ সেরা পিনু

আলোকচিত্রের বিশ্বকাপ-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া, এই আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশে সেরা হিসেবে ‘বেস্ট অব নেশন’ নির্বাচিত হয়েছেন পিনু রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 11:55 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

গত ৮ এপ্রিল নরওয়ের ড্রামেন্স থিয়েটারে এই ফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় শীর্ষ ১০- এ স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, মালয়েশিয়া, ফিনল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস ও চেক রিপাবলিক।

প্রতিযোগিতায় ছয় ক্যাটাগরিতে ৩২ দেশের আলোকচিত্রীরা অংশ নেন। কমার্শিয়াল, ডিজিটাল আর্ট, নেচার, পোর্টেড, ফটো-জার্নালিজম ও ওয়েডিং ক্যাটাগরিতে ১০জন করে বিজয়ীর নামও ঘোষণা করা হয়। এর বাইরে ৩২টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে সেরাদের বেছে দেওয়া ‘বেস্ট অব নেশন’ পুরস্কার।

বাংলাদেশ সেরা পিনু রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। পেশায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এই কর্মকর্তা ছবি তোলেন নেশায়।

ফেডারেশন অব ইউরোপিয়ান ফটোগ্রাফার্স (এফইপি) ও প্রফেশনাল ফটোগ্রাফার্স অব আমেরিকা (পিপিএ) উদ্যোগে আলোকচিত্রের এই বিশ্বকাপের যাত্রা শুরু। যেখানে ইউনাইডেট এশিয়ান প্রফেশনাল ফটোগ্রাফি এবং অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব প্রফেশনাল ফটোগ্রাফিও যুক্ত হয়েছে।

এবারের এই বিশ্বকাপের প্রক্রিয়া শুরু হয় ২০১৮ সালের জুনে। নানা ধাপ পেরিয়ে এই ফল ঘোষণা করা হলো।

পুরস্কার গ্রহণের পর নরওয়ে থেকে পিনু রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রতিযোগিতার আমাদের আলোকচিত্রের অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিতে পারেন।

“সরকার মনোযোগী হলে এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ অচিরেই ক্রিকেটের মতো ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপেও আলাদা একটা আইডেন্টিটি তৈরি করতে পারে। প্রতিযোগিতাটি তরুণ ফটোগ্রাফারদের জন্য বছরব্যাপী একটা অনুপ্রেরণা হতে পারে।”