২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতন আইনের যৌতুক সংক্রান্ত ধারা আপসযোগ্য করার নির্দেশনা

দুটি আইনের মধ্যে বৈপরীত্য থাকায় থাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুক সংক্রান্ত একটি ধারা আপসযোগ্য করে ছয় মাসের মধ্যে সংশোধন করতে সরকারকে উদ্যোগ নিতে বলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 09:23 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

যৌতুকের এক মামলায় আসামির সাজা বাতিল করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার রায়ে এই নির্দেশনা দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩’র ১১ (গ) ধারাটি সংশোধন করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছে আদালত। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং উইংকে বলা হয়েছে এ বিষয়ে সমন্বয় করতে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩’র ১১(গ) ধারাটি যতদিন না সংশোধন হচ্ছে, ততদিন নারী শিশু ট্রাইব্যুনালগুলোকে এই রায় অনুসরণ করতে বলেছে হাই কোর্ট।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় বলা আছে, সাধারণ জখম করার জন্য অনধিক তিন বছর কিন্তু অন্যুন এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে।

এই ধারায় আপসের কোনো সুযোগ নেই।

অন্যদিকে ২০১৮ সালে প্রণীত যৌতুক নিরোধ আইনে বলা আছে, এই আইনের অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং আপসযোগ্য হবে।

হাই কোর্টের নির্দেশনার ফলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারার মামলায় এখন আপস করা যাবে।

আদালতের রায়ে বলা হয়েছে, “আমাদের আইনগুলো বজ্র আটুনি ফস্কা গেরোর মতো। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপসের বিধান নেই। অথচ যৌতুকের মামলায় স্বামী ও স্ত্রী আপস করতে চাচ্ছে। কিন্তু আপসের বিধান না থাকায় সাজা হচ্ছে।”

আদালত বলেছে, এ আইনটি সংশোধন হলে বা এ রায়ের ফলে বিচারিক আদালতের অনেক মামলা নিষ্পত্তি হয়ে যাবে, সাক্ষ্য-প্রমাণের দরকার হবে না। আইনটি সংশোধন হলে মামলার দীর্ঘসূত্রতা বা মামলাজটও কমবে।

আদালতে বাদী-বিবাদীর পক্ষে আইনজীবী ছিলেন হাসান মাহমুদ খান ও সামিউল হক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

ফরহাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আইনটি আপসযোগ্য কি আপসযোগ্য না, এটা এই আইনের কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। কিন্তু আমাদের বিশেষ কোর্টগুলো বিশেষ করে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আপস অযোগ্য প্র্যাকটিসটাই করে থাকে। আপসযোগ্য না বলেই ধরে নেয়। ফলে একটা মামলা একবার হয়ে গেলে সাক্ষ্য-প্রমাণ ছাড়া সেটা শেষ হয় না।

“স্বামী-স্ত্রী’র মামলাগুলোর ৮৫ শতাংশ মামলাই আপস হয়ে যায়। কিন্তু আপসের গ্রাউন্ডে মামলা প্রত্যাহার করা যায় না। তখন এ মামলাগুলো আবার সাক্ষ্যগ্রহণ করে শেষ করতে হয়। এই কারণে আদালত ১১(গ) সংশোধন করে আপসযোগ্য করতে নির্দেশ দিয়েছেন।”

যে মামলায় হাই কোর্টের নির্দেশনা এসেছে, তা করেছিলেন কিশোরগঞ্জের এক নারী। তার স্বামীর বাড়িও একই জেলায়। চাকরির কারণে তারা থাকতেন চট্টগ্রামে।

২০১২ সালে করা এই মামলায় ২০১৪ সালের ১০ জুলাই স্বামীকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ওই সাজার রায় বাতিল চেয়ে ২০১৬ সালে হাই কোর্টে আবেদন করেন তিনি।

হাই কোর্ট রুল দেওয়ার পর তা নিষ্পত্তির আগেই স্বামী-স্ত্রীর মিল হয়ে যায়। কিছুদিন আগে তাদের একটি সন্তানও হয়; যার বয়স আড়াই মাস।

বুধবার রায়ের সময় সন্তানকে নিয়েই স্বামী-স্ত্রী হাই কোর্টে হাজির হন। স্বামীর সাজার রায়ও বাতিল করে আদালত।  

অঙ্গীকারনামায় স্বাক্ষরের পর আদালত ওই ব্যক্তিকে বলে, ভবিষ্যতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিচারক বলেন, “নানা কারনে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে। আর ঠুনকো অভিযোগে হাজার হাজার মামলা হচ্ছে। আইনে আপসের বিধান থাকলে উচ্চ আদালত পর্যন্ত মামলা আসতে হত না।”