শিশু মনির হত্যায় ইমাম ও তার সহযোগী রিমান্ডে
রাজধানীর ডেমরায় শিশু মনির হোসেন হত্যা মামলায় তার মাদ্রাসা শিক্ষক আব্দুল জলিল হাদীসহ দুজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
হাদী (৪২) ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার মসজিদুল-ই-আয়েশা জামে মসজিদের ইমাম, ওই মসজিদের সঙ্গে গড়ে তোলা নূর-ই-মদিনা মাদ্রাসার অধ্যক্ষ তিনি। হাদীর সঙ্গে মো. আকরাম (২৪) নামে তার এক সহযোগীরও পাঁচ দিনের রিমান্ড হয়েছে।
এ মামলায় গ্রেপ্তার অপর আসামি আহাম্মদ সফি ওরফে তোহা (১৪) ওই মাদ্রাসার ছাত্র এবং ইমাম হাদীর অনুগত। তাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন হাদী ও আকরামকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। আর তোহাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী।
আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই স্বপন মণ্ডল এ তথ্য সাংবাদিকদের জানান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. শাহ আলম দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
আর তোহাকে আদালতে হাজির করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু তোহা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অসম্মতি জানালে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেয়।
রোববার সকালে দুই বোনের সঙ্গে নূর-ই-আয়েশা মাদ্রাসায় পড়তে গিয়ে নিখোঁজ হন আট বছরের শিশু মনির। সোমবার বিকালে ওই মসজিদের সিঁড়ি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার হয়।
এরপর জিজ্ঞাসবাদের জন্য ইমাম হাদী ও তোহাকে আটক করে পুলিশ। মঙ্গলবার তারা জিজ্ঞাসাবাদে ‘হত্যাকাণ্ডের কথা স্বীকার’ করে বলে পুলিশ জানিয়েছে।
ওই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মঙ্গলবার বংশাল থেকে আকরামকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার ফরিদ উদ্দিন জানিয়েছেন।
