২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই আড়াই হাজার প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী

আগামী মাসের মধ্যে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 08:40 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের সঙ্গে বুধবার সচিবালয়ে মতবিনিময়ের সময় এক প্রশ্নে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “এমপিওভুক্তির ব্যাপারে গত বছর চারটি ক্রাইটেরিয়া ঠিক করে অনলাইনে আবেদন নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড পদ্ধতিতে আমরা ওই যোগ্যতাগুলোর নিরিখে যোগ্য প্রতিষ্ঠান নিরূপণ করেছি। সেটির সংখ্যা আড়াই হাজারের কিছু বেশি বা কাছাকাছি।

“আমাদের যখন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়ে যাবে সেই সিদ্ধান্তের পরে এসব প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের সঙ্গে সরেজমিনে যাচাই করা হবে। আমি আশা করি না খুব বেশি ব্যত্যয় হবে।”

সবগুলো প্রতিষ্ঠানের এমপিওভুক্তি একসঙ্গে ঘোষণা হবে কি না- সেই প্রশ্নে দীপু মনি বলেন, “আমরা একবারেই করতে চাইছি যতটুকুই পারি। শিক্ষকরা যেমন বলেছেন আমাদের সবাইকে দেন, কম করে হলেও দেন।

“ধরে নিলাম, এক হাজার বিদ্যালয়কে দেওয়া হবে। এখন যোগ্য যদি হয় দুহাজার, আমরা যদি এক হাজারকে দেই, একশ পার্সেন্ট এক হাজারকে দিলাম।… পাশাপাশি দুটো স্কুল, উনিও যোগ্য নির্বাচিত হয়েছেন, আমিও যোগ্য নির্বাচিত হয়েছি, আমি পেলাম, উনি পেলেন না- এরমধ্যে একটা অন্যায্যতার বিষয় চলে আসবে। আমরা চাই সবার প্রতি একটা ন্যায্য আচরণ করতে।”

মন্ত্রী বলেন, “সেজন্য আমাদের অবস্থানটি এরকম- আমরা চাই যেকটি প্রতিষ্ঠান যোগ্য নির্বাচিত হবে তাদের সকলকেই দেবে। সেটি যদি সরকার পারে একশ পার্সেন্ট, যদি কমও হয়, ২৫ পার্সেন্টও হয় তাহলেও সেটি দিয়ে আমরা শুরু করতে চাই। যোগ্য নির্বাচিত সব প্রতিষ্ঠানকে চাই, তারপর ধাপে ধাপে আমরা করলাম।”

দীপু মনি বলেন, “যেগুলো যোগ্য বিবেচিত হতে পারেনি তাদেরকেও আমরা উৎসাহিত করব, চেষ্টা ও সহযোগিতা করব তারাও যেন সেই জায়গায় আসতে পারে। পরবর্তী পর্যায়ে আমরা আবার তাদেরকে ধাপে ধাপে এমপিওভুক্তির চেষ্টা করব।

“অনেক জায়গায় প্রাপ্যতার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রেও আমাদেরকে একটু চিন্তা-ভাবনা করতে হবে যে কিছু প্রতিষ্ঠান মার্জ (একীভূত) করে দিতে পারি কি না।”

২০১০ সালে সব শেষে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সরকার। এরপর থেকে এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধ ছিল।

বর্তমানে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৮১০টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা চার লাখ ৯৬ হাজার ৩৬২ জন। এদের পিছনে মাসে সরকারের ব্যয় হয় ৯৪২ কোটি টাকা।

অন্যদিকে দেশে একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে রয়েছে পাঁচ হাজার ২৪২টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৮০ হাজার।

একাডেমিক স্বীকৃতির বাইরেও আরও দুই হাজার নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।