২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী ভাঙন এলাকায় পাউবোকর্মীদের ছুটি বাতিল

বর্ষাকে সামনে রেখে নদী ভাঙন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 08:38 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, “বর্ষা সামনে রেখে কোন এলাকাগুলো নদী ভাঙন কবলিত, ঝুঁকিপূর্ণ এলাকা সেগুলোকে গত জানুয়ারি মাসে চিহ্নিত করেছি। … বর্ষায় নদী ভাঙন ঠেকাতে কাজের গতি দ্রুত করার জন্য বলা হয়েছে।”

তিনি বলেন, “বর্ষা সামনে রেখে আমরা সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি। গতকাল আমি ডিজি সাহেবকে বলেছি, আজকে আমরা সিদ্ধান্ত দেব যে, বর্ষার আগ পর্যন্ত নদী ভাঙন কবলিত এলাকাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করার জন্য। আমরা স্টাফের সংখ্যাও অতিরিক্ত দিয়েছি।”

ভাঙন কবলিত পাঁচ শতাধিক স্থান রয়েছে জানিয়ে উপমন্ত্রী বলেন, “খুব বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে ৫০ থেকে ৫৫টি এলাকা, সেগুলো আমরা ভিজিট করেছি।”

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, “নদী ভাঙনের ব্যাপারে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে- বৃষ্টির পরিমাণ যদি বেশি হয়, আমরা যতই বাঁধ করি না কেন, এটাকে আমরা ঠেকাতে পারব না।

“ঢাকা থেকে ইঞ্জিনিয়ার গিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছে, সেই মোতাবেক ওইসব এলাকার জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। যদি বর্ষার সময় কোনো এলাকায় ভাঙন দেখা দেয় তাৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেখানে প্রস্তুত আছে। দুই ঘণ্টার মধ্যে তারা সেখানে কাজ করতে পারবে।”

“আল্লাহ যদি সহায় হয় এবার বর্ষার সময়টা আমরা ভালভাবে কাটাব। আগামী বছরের জন্য জোরদার প্রস্তুতি আমরা নিচ্ছি,” বলেন প্রতিমন্ত্রী।

পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার বলেন, “এবার ইতোমধ্যে আগাম বৃষ্টি শুরু হয়েছে, সেটা মোকাবেলা করার মতো প্রস্তুতি আমাদের আছে। বর্ষাকালে আমরা নদীতে কাজ সেভাবে করতে পারি না, অনেক সময় এতে লাভের চেয়ে বেশি ক্ষতি হয়। সে কারণে মনে হয় অনেক প্রজেক্টে আমরা একটু পিছিয়ে আছি।”

পানিসম্পদ মন্ত্রণালয়ের ১২৩টি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে সচিব বলেন, সেভাবে হিসাব করলে যেগুলো পিছিয়ে আছে সেগুলো এক বা দুই শতাংশের বেশি নয়। এরমধ্যে একটি দুটি প্রকল্প হয়ত পিছিয়ে আছে।

আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়নের জন্য গুগলের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানিয়ে কবির বলেন, এ বছরই কাজ শুরু হবে। এখন আগাম সতর্কীকরণ ব্যবস্থায় একটি এরিয়া অর্থাৎ ২০০ বা ৩০০ বর্গ কিলোমিটারের মধ্যে বন্যার প্রকোপ কেমন হতে পারে সেই ওয়ার্নিং আমরা দিতে পারি।

“সেখানে গুগল দাবি করেছে এটা একেবারে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। ঠিক ওমুক জায়গায় ওমুক তারিখে পানি আসতে পারে, স্রোত বা ঢেউ আসতে পারে, এই বর্ষাতেই সেটা নিয়ে কাজ শুরু হবে, পাইলটিং শুরু হবে।”

সচিব জানান, গত বছর হাওর এলাকায় এক হাজার ৬০০ কিলোমিটার বাধ তৈরি করা হয়েছে। এবার সেগুলোর কিছু কিছু স্থানে মেরামত করা হয়েছে।

“আমাদের প্রস্তুতি সম্পন্ন। তারপরও প্রাকৃতিক দুর্যোগের কথা বলা যায় না। যদি হয় সেটার জন্যও আমরা প্রস্তুত আছি।”