২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারে ভেজাল আগুনে পোড়ানো রাজনীতির চেয়ে ভয়ঙ্কর: নাসিম

খাবারে ভেজালের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অভিযান চালানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, যারা এই কাজ করে তারা ‘আগুনে মানুষ পোড়ানোর রাজনীতির’ চেয়ে ভয়ঙ্কর কাজ করে থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 05:59 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে পাশে নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, “দীর্ঘদিন ধরে খাদ্যে ভেজাল-এই ব্যবস্থা চলছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তাহলে কেন এখন খাদ্যে ভেজোলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব না?”

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসিম বুধবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিবেশী দেশ ভারতেও ভেজাল খাদ্যের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে অভিযান চলে জানিয়ে তিনি বলেন, “মানুষ যখন খাবার গ্রহণ করে, তখন তারা বিশ্বাস নিয়ে গ্রহণ করে যে, একটি পুষ্টিকর খাবার গ্রহণ করছি। কাজেই ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তাহলে কেন খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না?”

Image
রোজা এলেই নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান চালানো হয়

রোজা এলেই নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান চালানো হয়

মুনাফা লোভী ব্যবসায়ীরা খাবারে ভেজাল দিয়ে নিজের সন্তানকেও হত্যার পথ তৈরি করছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, “যারা খাদ্যে ভেজাল মেশায়, তারা সন্তানকে হত্যা করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে, স্বজনকে হত্যা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে, সে নিজেকে হত্যা করার ব্যবস্থা গ্রহণ করছে।

“যারা খাদ্যে ভেজাল দেয় তারা আগুনে পোড়ানো রাজনীতির চেয়ে ভয়ঙ্কর। মানুষ হত্যা করার চেয়ে ভয়ঙ্কর। মুনাফা লোভী ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম না বাড়ানো এবং খাবারে ভেজাল দেওয়া থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, আতিউর রহমান আতিক ও আয়েন উদ্দিনও উপস্থিত ছিলেন।