আইনজীবীর গাড়িতে ডাকাতি, ছয়জনের যাবজ্জীবন
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়ার গাড়িতে ডাকাতির দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ড. শেখ গোলাম মাহবুব এই রায় দেন।
যাবজ্জীবান কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাদেরকে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর আলম ওরফে হাবু, নজরুল ইসলাম তুহিন, মো. মান্নান, খোকন চন্দ্র বিশ্বাস, কামাল মুন্সি ও শফিকুল ইসলাম সজল।
রায়ের আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়।
রায়ের বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪ মার্চ ভোর ৪টার দিকে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তার তিন জুনিয়র রাফিয়া আক্তার পল্লবী, কামরুন্নাহার সীমা ও আজমিনা বেগম মনিকে নিয়ে নিজের প্রাইভেট কারে করে গুলশানে যাচ্ছিলেন।
তেজগাঁও থানার মধ্য কুনিপাড়ায় ডাকাতরা তাদের গতিরোধ করে আইনজীবীর টয়োটা এলিয়েন গাড়ি ও টাকা-পয়সা, সোনা-গয়না লুট করে।
ওইদিনই গোলাম কিবরিয়া তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডাকাতির মামলা করেন। পরে ছয় আসামিকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল, গাড়ি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের পরিদর্শক মো. মাহবুব উর রশিদ আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। একই বছরের ২৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।
এ মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মঞ্জুর মাওলা চৌধুরী ও আসামিপক্ষে ছিলেন মোশাররফ হোসেন বতু।
