২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণার কথা তখন কারও মাথায় ছিল না: প্রধানমন্ত্রী

প্রথম দফায় ক্ষমতায় আসার পর দেশে বিভিন্ন ক্ষেত্রে গবেষণার দুরাবস্থার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই সময় গবেষণার প্রয়োজনীয়তার বিষয়টিই কারও মাথায়ই ঢোকেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 03:23 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে গবেষণার জন্য অর্থ বরাদ্দ দেওয়ার সঙ্গে সঙ্গে নানা সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, “আমি প্রথমবার সরকারে এসেই লক্ষ করলাম- আমাদের দেশে গবেষণার জন্য কোনো বরাদ্দ দেওয়া হত না। গবেষণার জন্য কোনো বিশেষ সহযোগিতা ছিল না বা গবেষণাকে কোন গুরুত্বই দেওয়া হত না।

“আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের সচরাচর নিয়মিত শিক্ষার ক্ষেত্রে যতটুকু গবেষণা করা- সেটুকুই করত। এর জন্য যে বিশেষভাবে প্রণোদনা দেওয়া প্রয়োজন এবং গবেষণার জন্য যে আলাদা একটা বরাদ্দ থাকা প্রয়োজন, সুযোগটা সৃষ্টি করে দেওয়া প্রয়োজন- এই কথাটাই তাদের মাথায় কখনও ঢোকে নাই।”

তিনি বলেন, “আমি প্রথমেই একটা থোক বরাদ্দ সুনির্দিষ্ট করে দিলাম। কারণ যখন সরকার গঠন করেছিলাম তখন এশিয়ায় অর্থনৈতিক মন্দাও ছিল। তারপরও আমাদের সেই সীমিত সম্পদ দিয়ে…আমাদের রিজার্ভ মানিও কম ছিল, মাথাপিছু আয় কম ছিল। তারপরও আমার মনে আছে, প্রথমে আমি ১২ কোটি টাকা শুধু গবেষণার জন্য বরাদ্দ রাখলাম। পরের বছর যখন বাজেট করলাম তখন ১০০ কোটি টাকা থোক বরাদ্দ আমরা গবেষণা এবং তথ্যপ্রযুক্তির জন্য আলাদাভাবে রেখে দিলাম।

“তখন থেকে যে আমরা গবেষণা শুরু করলাম, তার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা গবেষণায়য় গুরুত্ব দিয়েছিলাম বলেই আজকে অনেক ক্ষেত্রেই আমরা উৎকর্ষতা লাভ করতে পেরেছি।”

গবেষণার জন্য সরকারের নেওয়া আরও নানা উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।    

শেখ হাসিনা বলেন, “আজ বাংলাদেশে আপনারা একটু লক্ষ্য করবেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই এই ২১ বছর আর ২০০১ থেকে ২০০৮ এই ২৯ বছর যারা ক্ষমতায় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কোনো চিহ্ন তারা রাখতে পারেনি বা করেনি।

“আর করবে না এটা স্বাভাবিক। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি আর যারা গণহত্যার সাথে জড়িত আর যারা এখনও অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ-সন্ত্রাসকে যারা লালন-পালন করে তারা দেশের উন্নতি চায় না। কারণ স্বাধীনতার আদর্শেই যদি কেউ বিশ্বাস না করে তারা দেশের মানুষের উন্নতি চাইবে কেন?”

বাংলাদেশের উন্নয়নে গবেষকদের আরও ভালো করে কাজ করার আহ্বান শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। অর্থনৈতিকভাবে এখন আমরা স্বাবলম্বীতা অর্জন করছি। আমি মনে করি এখানে যারা গবেষক আছেন আরও ভালো করে গবেষণা করুন, কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি উৎকর্ষতা লাভ করতে পারে এবং কোথায় কোথায় আমাদের আরও বিনিয়োগ করা দরকার।”

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।