তুরাগ তীরে ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকার তুরাগ নদীরে তীরে ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্ছেদ অভিযানের ২৫তম দিনে সাভার থানার আওতাধীন বিরুলিয়া এলাকায় বড় কাঁকর ও দেউন মৌজায় অভিযান চালানো হয়।
দিনব্যাপী অভিযানে দুটি একতলা পাকা ভবন, ১১টি অধাপাকা ঘর, ১০টি টিনের ঘর, চারটি পাকা দেয়ালের বাউন্ডারি ও দুটি পার্ক উচ্ছেদ করা হয়।
এই অভিযানে দুই একর জায়গা অবমুক্ত করা হয় বলে জানান আরিফ।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।
