২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি: হাজির করা হয়নি খালেদাকে, পিছিয়েছে শুনানি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 04:02 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এস এম রুহুল ইমরান আগামী ২ মে নতুন তারিখ রেখেছেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব হবে কিনা, তা জানানোর জন্য গত ৮ এপ্রিল বিএসএমএমইউ কর্তৃপক্ষকে চিঠি দেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবির চৌধুরী। বিএসএমএমইউ কর্তৃপক্ষ এ বিষয়য়ে কারা কর্তৃপক্ষ বা আদালতকে কোনো জবাব দেয়নি।

দুর্নীতির দুই মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত ১ এপ্রিল বিএসএমএমইউতে নেওয়া হয় চিকিৎসার জন্য।

বিএনপিনেত্রীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ঠিক করেছেন বিচারক।”

খালেদা জিয়া ছাড়াও মামলার আরেক আসামি বিএনপিনেতা সাবেক মন্ত্রী আমিনুল হক আদালতে হাজির হননি।

তার আইনজীবী লিখিতভাবে আদালতকে জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত আমিনুল হক ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি অচেতন।

মামলার আসামি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন এবং আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কে এম মোশাররফ হোসেন, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক সচিব নজরুল ইসলাম ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান আদালতে হাজির ছিলেন।

পলাতক আছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসামি সিরাজুল ইসলাম চৌধুরী।