৮ এপ্রিল স্মরণে কোটা সংস্কার আন্দোলনকারীদের মৌনমিছিল
গত বছরের ৮ এপ্রিল স্মরণে রেখে মৌনমিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।
সোমবার সন্ধ্যা ৭টায় ক্যাম্পাসের রাজু ভাষ্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্¦লন করেন পরিষদের নেতাকর্মীরা। পরে একটি মৌনমিছিল শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রাজু ভাষ্কর্যে এসে শেষ হয়।
২০১৮ সালের ৮ এপ্রিল রাতে শাহবাগে কোটা সংস্কার আন্দোলনকারীদের অবস্থান ছত্রভঙ্গ করে দিয়েছিলে পুলিশ।
ওই আন্দোলনে দাবি আদায়ের পর এবার ডাকসু নির্বাচনে ভিপি পদেও জয়ী হন পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।
সোমবারের কর্মসূচিতে নূরও ছিলেন। এছাড়াও ছিলেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, শামসুন নাহার হল সংসদের ভিপি তাসনিম আফরোজ ইমি প্রমুখ।
মিছিল শেষে সমাবেশে ডাকসু ভিপি নুর বলেন, “সেদিন ৮ এপ্রিল যা হয়েছিল, সেটি রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল, কারণ রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সেদিন বর্বর হামলা চালানো হয়েছিল।”
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটি নিয়ন্ত্রিত প্রশাসনিক ব্যবস্থা চলছে যার মাধ্যমে শিক্ষার্থীদের একটি দলদাস, অনুগত দাস তৈরির একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি।
“যে শিক্ষার্থীরা নিজের মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, অথচ তাদেরকে বিশ্ববিদ্যালয়ের হলে থাকার জন্য ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রোগ্রাম করে থাকতে হয়। এই ঘৃন্য পন্থার আমরা অতিদ্রুত সমাধান চাচ্ছি।”
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে, তা প্রত্যাহার দাবি করেন নুর।
পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ওই রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার বিচারও দাবি করেন।
ওই হামলায় পরিষদের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগও নাকচ করেন তিনি।
