ডেমরায় অপহৃত শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
ঢাকার ডেমরায় এক শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে; এক দিন আগে শিশুটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছিল।
সোমবার বিকালে ডগাইর নতুনপাড়া নূরে আয়েশা সিদ্দিকীয়া মাদ্রাসার নির্মাণাধীন মসজিদের সিঁড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির নাম মনির হোসেন (৭)। সে ওই মাদ্রাসায়ই পড়ত। তার বাবা সাইদুল ইসলামের ওই এলাকায় দোকান রয়েছে।
এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই মসজিদের ইমাম, তার ছেলে ও মসজিদের মুয়াজ্জিনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল ইসলাম জানিয়েছেন।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার কিছু সময় আগে মসজিদের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় মনিরের লাশটি পাওয়া যায়।
সহকারী কমিশনার রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার শিশুটি নিখোঁজ হওয়ার পর কে বা কারা মোবাইলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
স্থানীয়রা জানায়, মনিরের বাবা সাইদুল অপহরণকারীদের কথা মতো রোববার রাতে এক লাখ টাকা মসজিদের লাশ বহনকারী খাটিয়ার নিচে রেখে এলেও কেউ সেই টাকা নিতে আসেনি।
পুলিশ কর্মকর্তা রবিউল বলেন, “বিষয়টি শুনে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করার পর কয়েকজনকে ধরা হয়। এদেরই একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণাধীন মসজিদের দোতলার সিড়ি থেকে বস্তায় থাকা লাশ উদ্ধার করা হয়।”
তিনি বলেন, এ ঘটনায় ওই মসজিদের ইমামসহ তার ছেলে ও মসজিদের মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
