২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের মধ্যে আরমানিটোলায় ফায়ার স্টেশন: মেয়র খোকন

পুরান ঢাকার আরমানিটোলায় একটি ফায়ার সার্ভিসের স্টেশন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 06:33 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

রোববার দুপুরে আরমানিটোলায় বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘পুরোনো ঢাকার কেমিকেল ব্যবসার সংকট ও সমাধান’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে মেয়র বলেন, দমকলকর্মীরা যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছুতে পারেন সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

“অগ্নিকাণ্ডের প্রথম ২০/২৫ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময়টা আগুন নিয়ন্ত্রণে রাখা গেলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এজন্য আগামী এক সপ্তাহের মধ্যে বাবুবাজার ব্রিজের নিচে একটি ফায়ার স্টেশন স্থাপন করা হবে। যাতে আগুন লাগার সাথে সাথে অতি দ্রুত ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছতে পারেন।”

পুরনো ঢাকাকে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র উল্লেখ করেন মেয়র খোকন বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এ ব্যবসার প্রসারে সরকার অত্যন্ত আন্তরিক। তবে তা সঠিকভাবে করতে হবে।

“ব্যবসা জীবনমান উন্নয়নের জন্য। কিন্তু যে ব্যবসা নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয়, জানমাল হুমকির মুখে ফেলে দেয় এমন ব্যবসা কাম্য নয়। নগর কর্তৃপক্ষ এমন ব্যবসা অনুমোদন করবে না। জীবন নিরাপদ রেখে ব্যবসা করতে হবে।”

মেয়র বলেন বিস্ফোরক পরিদপ্তরের তালিকাভুক্ত ৩৫টি দাহ্য পদার্থ কোনোভাবেই দোকানে বা কারখানায় রাখা যাবে না। তবে অভিযানের সময় ব্যবসায়ীরা যেন অহেতুক হয়রানির শিকার না হন সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন মেয়র।

সাঈদ খোকন জানান, মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় কেমিকেলপল্লী স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

বাংলাদেশ কেমিকেল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসনাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) মেজর শাকিল নেওয়াজ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।