২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমিতে ‘ওয়াও’ ফেস্টিভ্যাল

বাংলা একাডেমিতে নারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) ফেস্টিভ্যাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 10:57 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় এই উৎসবের উদ্বোধন হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত নারীদের নিয়ে বিভিন্ন আয়োজনে শেষ হয় প্রথম দিনের অনুষ্ঠান।

শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে উৎসব। 

এ আয়োজনে বিভিন্ন স্টল বসিয়ে মেলার আয়োজন করা হয়, যেখানে নির্বাচিত নারী উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রির পাশাপাশি নারীদের মাঝে সচেতনতা তৈরি ও লৈঙ্গিক সমতা আনার ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।

এছাড়া চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী, পারফরম্যান্স আর্ট, শিশুদের জন্য আন্ডার টেন’স ফেমিনিস্ট কর্নার ও মঞ্চনাটক পরিবেশন করা হয়।

সমাজের বিভিন্ন পর্যায় থেকে উঠে আসা নারী নেতারা এই আয়োজনে উপস্থিত ছিলেন। ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, “বাংলাদেশে জেন্ডারসমতার ভিত্তিতে সমাজ বিনির্মাণের মূলে রয়েছে নারী ও কিশোরীদের অগ্রগতি। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ক্ষমতায়ন ও জেন্ডারসমতার প্রতিষ্ঠা করার লক্ষ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশও বিশেষ জোর দিচ্ছে।

“যদিও এ লক্ষ্য পূরণে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আমাদের গর্ব করবার সুযোগ রয়েছে, তবুও কিছু ক্ষেত্রে এখনো কিছু বাধা রয়ে গেছে।”

এসব বাধা নিরসনে অন্যান্য দেশের অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো জানা এবং নারী ও কিশোরীদের অগ্রগতির পথ সুগম করে দিতে এ ধরনের আয়োজন প্রয়োজন বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুড কেলি বলেন, “বাংলাদেশে ওয়াও ফেস্টিভ্যাল শুরু করা অত্যন্ত সময়োপযোগী একটি আয়োজন। কেননা নারীদের প্রতিনিয়ত লড়তে থাকা সমস্যাগুলোই তুলে আনে ওয়াও ফেস্টিভ্যাল, আর দেখাতে চায় কীভাবে একসাথে সমস্যাগুলো মোকাবিলা করার মাধ্যমে ভবিষ্যতে সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

“নাটক, গান, শিল্প, গল্প ও আলোচনার সুযোগ তৈরির মাধ্যমে ওয়াও নারীদের নিজেদের গল্প সবার সামনে তুলে ধরতে ও সমমনা সকলের সাথে এক কণ্ঠে আওয়াজ তোলার সুযোগ তৈরি করে দেয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব নাসিম ফেরদৌস, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন।