এফ আর টাওয়ারে আহত ফায়ারম্যান রানাকে পাঠানো হল সিঙ্গাপুরে
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চালানোর সময় গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রানাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে পাঠানো হয়।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা গত ২৮ মার্চ ওই ভবনে উদ্ধারকাজ চালানোর সময় দুর্ঘটনায় পড়েন। তার পা ভেঙে যায় এবং পেটে গুরুতর আঘাত পান। সেদিন থেকেই তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফকে তার দেখাশোনা করার জন্য তার সঙ্গে পাঠানো হয়েছে।
দেবাশীষ বর্ধন বলেন, “সিএমএইচের চিকিৎসকদের পরামর্শেই রানাকে সিঙ্গাপুরে পাঠানো হল। তারা অনেক চেষ্টা করেছেন। প্রতিদিন চার ব্যাগ রক্ত দেওয়া হচ্ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না। সে কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন তারা।”
তিনি বলেন, “এখানে চিকিৎসাধীন অবস্থায় রানার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। কিছুটা সাড়া দিত। কিন্তু পেটের ক্ষতটার জন্য তার খুব সমস্যা হচ্ছিল।”
সেদিনের ঘটনার বর্ণনা করে দেবাশীষ বর্ধন বলেন, ২৩ তলা এফআর টাওয়ারে আটকা পড়া মানুষদের ল্যাডারের মাধ্যমে নামাচ্ছিলেন রানা। কিন্তু বাস্কেট বেশি উঠে গিয়েছিল।
“ওই অবস্থায় আহতদের নামানো যাচ্ছিল না। সোহেল রানা তখন মই বেয়ে নামতে যায়। কিন্তু ওই অবস্থায়ই মই চলতে শুরু করলে রানার ডান পা আটকে গিয়ে কয়েক জায়গায় ভেঙে যায়। সেফটি বেল্টের চাপে পেটের একটা অংশও থেঁতলে যায়।”
এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়, আহাত হন ৭৬ জন। আহতদের মধ্যে সোহেল রানাসহ ছয়জন ফায়ার সার্ভিস কর্মী।
