২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতন প্রতিরোধের আহ্বান মহিলা পরিষদের

যৌন হয়রানি, ধর্ষণসহ নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 01:51 AM

Updated : 18 Aug 2022, 05:05 PM

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ এর উন্মুক্ত চত্বরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

এরপর দ্বিতীয় পর্বে নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে করণীয় বিষয়ে জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা হয়।

সভায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, “যারা নিজেরা ধর্মের কিছুই মানেন না, তারাও নারীর অধিকার, নারীর সমান উত্তরাধিকারের প্রশ্নে ধর্মের দোহাই তোলেন, যা আমাদের অত্যন্ত পীড়িত করে।”

তিনি পরিবারের মধ্যে থেকে নারীর মর্যাদা নিশ্চিত করার কথা বলেন।

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠার পর এই সংগঠন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

“আমাদের অভিজ্ঞতা কোনো কোনো ক্ষেত্রে হিমালয়সম অর্জন থাকলেও নারীর মানবাধিকার, নারীর মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতি আশানুরূপ নয়। নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা ঘটে চলেছে। নারী ও কন্যা নির্যাতন ও সামাজিক অনাচার বন্ধ হতেই হবে।”

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, “নারীকে যদি মানুষ ভাবতে না পারি, তাহলে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না। কারণ বিচার করার মনোভাব থাকতে হবে।”

সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা থাকলেও পারিবারিক জীবনে সমঅধিকারের কথা কোথাও বলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, “উত্তরাধিকারের সমানাধিকার না থাকার কারণে নারী প্রতিবাদ, প্রতিরোধ অনেক সময় করতে পারে না। এখনও সমাজে নারীর প্রতি সহিংসতার গ্রহণযোগ্যতা রয়েছে। এখানেই আমাদের কাজ করতে হবে। আমাদের সম্মিলিত শক্তির উদ্বোধন ঘটাতে হবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক অজয় দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোজাহেরুল হক, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. সাদেকা হালিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, প্রমুখ।