একের পর এক অগ্নিকাণ্ডে ব্যাহত ফায়ার সার্ভিসের এফআর টাওয়ার তদন্ত
বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর সপ্তাহ গড়ালেও এখনও তদন্ত শেষ করতে না পারার জন্য ঢাকায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটে যাওয়াকে কারণ দেখালেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
ব্যস্ততার মধ্যেও তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ২৩ তলা ওই ভবনটির অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন। তবে আগুন কীভাবে লেগেছিল, তা এখনও নিশ্চিত হতে পারেননি।
গত ২৮ মার্চ রাজধানীর বহুতলা ওই বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়, নিহত হন ২৬ জন।
সরকারি আরও কয়েকটি সংস্থার পাশাপাশি এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিসও।
কাজের অগ্রগতি জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দেবাশীষ বর্ধণ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আরও কয়েকটি আগুনের ঘটনা ঘটে। তাই ঠিকমতো তদন্তের কাজ করতে পারছি না।”
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের দুদিন পরই আগুনে সম্পূর্ণ পুড়ে যায় গুলশানে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারটি। আরও কয়েকটি ছোট অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার ভোররাতে পুড়েছে খিলগাঁও রেল গেইটের কামারপট্টি বাজার।
এফআর টাওয়ারের পাশাপাশি অন্য অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে যেসব কমিটি হয়েছে, তার প্রায় সব ক’টিতে রয়েছেন দেবাশীষ।
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহ নাগাদ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
তদন্তে এই পর্যন্ত প্রায় ২০ জনের সাক্ষ্য নিয়েছেন বলে জানান দেবাশীষ।
তিনি বলেন, “এই পর্যন্ত যা তথ্য পেয়েছি, তাতে মনে হচ্ছে আগুনের উৎপত্তি ওই ভবনের অষ্টম তলা থেকে। তারা (সাক্ষ্যদাতা) সবাই বলছে, অষ্টম তলায় আগুন লাগে প্রথম। তবে তা নিয়ে আরও কাজ করতে হবে।”
অগ্নিকাণ্ডের শুরুতে ভবনটির সপ্তম ও অষ্টম তলাতেই প্রথম আগুন দেখা গিয়েছিল। পরে তা আরও কয়েক তলায় ছড়ায়।
ঢাকার বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের কয়েকটি ফ্লোর। ছবি: আসিফ মাহমুদ অভি
অষ্টম তলায় স্পেক্ট্রা এসএন নামে একটি বায়িং হাউজের কার্যালয় রয়েছে; সেখান থেকে আগুনের সূত্রপাত বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নেওয়া গণশুনানিতেও উঠে এসেছে।
আগুন কীভাবে লেগেছিল- জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেবাশীষ বলেন, তা এখনও নিশ্চিত হতে পারেননি তারা।
“কেউ বিদ্যুতের শর্ট সার্কিটের কথা বলছে, আবার কেউ এসির গ্যাস থেকে আগুন লাগার কথা বলছে।”
এই অগ্নিকাণ্ডের পর এফআর টাওয়ারে নানা অব্যবস্থাপনার চিত্র বেরিয়ে আসছে, ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিতও হয়েছে।
