ভাওয়াল গড় থেকে অপহৃত হোমিও চিকিৎসক উদ্ধার
ঢাকার মিরপুর থেকে কৌশলে এক হোমিও চিকিৎসককে মধুপুরের ভাওয়াল গড়ে নিয়ে মুক্তিপণ দাবির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার ও ওই চিকিৎসককে উদ্ধার করেছে র্যাব।
টাঙ্গাইলের ওই বনে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা অভিযান চালানো হয় বলে র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযানে হোমিওপ্যাথ চিকিৎসক মোনায়েমুল বাশারকে (৪০) উদ্ধারের পাশাপাশি অপহরণ চক্রের সদস্য মো. আ. সালাম (৫৫), মো. আলমগীর হোসেন (১৮), মো. ফয়েজ উদ্দিন (৩২), মো. ফয়সাল (১৮), মো. আ. হালিম (৫২) ও মো. বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার কৌশল হিসাবে রোগী সেজে ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এই চক্রের এক সদস্য। পরে তার সঙ্গে সখ্য গড়ে গত বুধবার মোনায়েমুলকে মিরপুর থেকে ভাওয়াল বনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চক্রের অন্য সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরে ওই চক্র মোনায়েমুলকে মুক্তির বিনিময়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণকারীদের সাথে যোগাযোগ রেখে কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠায় মোনায়েমুলের পরিবার। পরে বিষয়টি র্যাব-৪ এর কাছে অভিযোগ করা হলে বিভিন্ন পদ্ধন্তি অবলম্বন করে ওই বনে এই উদ্ধার অভিযান চালানো হয়।
অপহরণ চক্রের অন্যতম সদস্য তারা বিবি ও সোহরাব (৩৮) নামের দুজন এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে র্যাব।
