‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ইলিয়াস ও মোরশেদ
উদ্ভাবনী ধারণা আর উদ্যোগের মধ্য দিয়ে ত্রিশ বছরের কম বয়সী যে তরুণেরা এশিয়ার দেশগুলোতে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন, তাদের সেরাদের এক তালিকায় উঠে এসেছে দুই বাংলাদেশির নাম।
যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের ২০১৯ সালের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া লিস্ট’ বলছে, বাংলাদেশে রাইড শেয়ারিং সেবা পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসাইন এম ইলিয়াস কনজুমার টেকনোলজি খাতে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ৩০ তরুণ উদ্যোক্তার একজন।
আর কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদের নাম এসেছে ‘মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাজিং’ ক্যাটাগরির সেরা ৩০ তরুণের তালিকায়, যিনি ‘দি গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ শিরোনামে ধারাবাহিক কার্টুন এঁকে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছেন।
প্রতিবারের মত এবারও মোট দশটি ক্যাটাগরিতে সেরাদের নিয়ে তিনশ জনের এই তালিকা তৈরি করেছে ফোর্বস। নতুন উদ্যোগ, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, উদ্ভাবনী চিন্তা ও সাফল্যের বিবেচনায় তিন হাজার নাম থেকে বাছাই করা এই ৩০০ জন মোট ২৩টি দেশের প্রতিনিধিত্ব করছেন।
এবারের তালিকায় বড় জায়গা দখল করে আছেন ভারত ও চীনের তরুণরা। চীনের ৬১ জন এবং ভারতের ৫৯ জন তরুণ এবারের থার্টি আন্ডার থার্টি লিস্টে এসেছেন।
ফোর্বস লিখেছে, “তাদের উদ্যোগ যে কেবল তাদের দেশকে বদলে দিচ্ছে তাই নয়, এর সুফলগুলো যাতে দীর্ঘমেয়াদী হয়, সেজন্যও তারা কাজ করছেন।”
হুসাইন ইলিয়াস আর সিফাত আদনান মিলে ২০১৬ সালে গড়ে তোলেন রাইড শেয়ারিং সেবা, অন ডিমান্ড লজিস্টিকস ও ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও।
পাঁচটি মোটরবাইক আর ৩০ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা পাঠাও এখন এই খাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি। বাইক ও গাড়িতে যাত্রী পরিবহনের পাশাপাশি জিনিসপত্র পৌঁছে দেওয়া এবং বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সেবা দিচ্ছেন পাঠাওয়ের রাইডাররা।
যানজটের রাজধানী ঢাকায় জনপ্রিয়তা পাওয়ার পর পাঠাওয়ের সেবা এখন বিস্তৃত হয়েছে দেশের আরও চারটি বড় শহরে এবং নেপালের কাঠমান্ডুতে। আর এই সেবার সঙ্গে যুক্ত হয়েছেন ৫০ লাখ রাইডার, যাদের ‘ফ্রিল্যান্স’ কাজের সুযোগ তৈরি হয়েছে পাঠাওয়ের কল্যাণেই।
ফোর্বস লিখেছে, পাঠাওয়ের অ্যাপটিকে দেশের সেরা অ্যাপ হিসেবে পরিচিত করার স্বপ্ন দেখেছিলেন ইলিয়াস। সেই পাঠাওয়ের বাজার মূল্য এখন ছাড়িয়েছে ১০ কোটি ডলার।
স্যাটায়ার ম্যাগাজিন উন্মাদের সহকারী সম্পাদক আবদুল্লাহ আল মোরশেদ নতুন এক যুদ্ধ শুরু করেন ২০১৮ সালের গোড়ার দিকে। শুরু হয় যুদ্ধ আর ধ্বংসের বিরুদ্ধে তার কলম-তুলির লড়াই।
সংবাদ মাধ্যম আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া নির্মমতা আর বেদনার ছবিগুলোকে তিনি পাল্টে দিতে শুরু করেন আশা আর আনন্দের বার্তায়। এর ধারাবাহিকতায় শুরু হয় কার্টুনিস্ট মোরশেদ মিশুর ‘গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ সিরিজ।
মোরশেদ মিশুর ওই সিরিজ দ্রুত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজর কাড়ে। অন্যান্য দেশের আঁকিয়েরাও যোগ দেন এই চ্যালেঞ্জে।
ফোর্বস লিখেছে, যুদ্ধ আর সহিংসতা না থাকলে এই পৃথিবী কতটা সুন্দর হতে পারত, সেটাই কার্টুনের মধ্য দিয়ে দেখিয়েছেন মোরশেদ মিশু।
আর মোরশেদ মিশু বলছেন, ফোর্বসের এই স্বীকৃতি হয়ত দেশের তরুণ কার্টুনিস্টদেরও উৎসাহ যোগাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের সোসাইটিতে তো আঁকাআঁকি বা কার্টুনকে কিংবা আর্টিস্ট হওয়াটাকে প্রফেশন হিসেবে প্রায়োরিটি দেওয়া হয় না। এই প্রফেশনটাকে তো মূল ধারার প্রফেশন হিসেবে ধরা হয় না। এই ধরনের রিকগনিশনগুলো হয়ত নতুন যারা এই কাজে আগ্রহী হবে, তাদের জন্য ইনসপিরেশন হিসেবে কাজ করবে।”
মিশুর কাছে এই স্বীকৃতির গুরুত্ব অন্য জায়গায়। তার ভাষায়, “প্রাপ্তির জায়গাটা হচ্ছে, বাংলাদেশের নামটা আমার নামের পাশে চলে আসে। বাংলাদেশকে আমার কাজ দিয়ে পরিচিত করতে পারছি বিশ্বের ময়দানে।”
কার্টুনকে কেবল এক শিল্প মাধ্যম হিসেবে না দেখে মোরশেদ মিশু একে একটি ‘সার্বজনীন ভাষা’ হিসেবে দেখতে চান, যে ভাষা বিশ্বের সব ভাষার মানুষই বুঝতে পারে, সমাজের অনেক অবক্ষয়, অনেক সমস্যার কথা অনেক সহজে যেখানে বলা যায়।
‘গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ সিরিজে এ পর্যন্ত ১১টি ইলাস্ট্রেশন করেছেন মিশু। আরও ১৯টি আঁকার ইচ্ছা আছে তার।
“৩০টা ইলাস্ট্রেশন হলে আমার ইচ্ছা আছে একটা সলো এক্সিবিশন করার। এটাকে নিয়ে গ্লোবালি মুভ করার ইচ্ছা আছে। এই সিরিজটা নিয়ে বিভিন্ন দেশের মানুষের আগ্রহ আছে। আমি যেটা বোঝাতে চেয়েছি, তার সাথে তারা একাত্মতা ঘোষণা করেছে। আমার কাছে মনে হয়েছে, এর মাধ্যমে একটা বার্তা দেওয়া সম্ভব।”
‘গ্লোবাল গড ফরবিড চ্যালেঞ্জ’ শিরোনামে আরেকটি নতুন সিরিজ শুরু করছেন মিশু। যে ধরনের পরিস্থিতিতে আমরা কেউ নিজেদের দেখতে চাই না, তেমন পরিস্থিতিতে বিশ্ব নেতাদের বসিয়ে দিলে ছবিটা কেমন দাঁড়াবে, সেটা দেখাই এই সিরিজের চ্যালেঞ্জ।
