এলিভেটেড এক্সপ্রেসওয়ে: জলাধার ভরাটে হাই কোর্টের নিষেধাজ্ঞা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য উত্তরার ১৮ নম্বর সেক্টরের তিনটি মৌজায় ৪০ একর জলাধার ভরাট কার্যক্রমের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
সেই সঙ্গে জলাধার হস্তান্তর ও ভরাট কার্যক্রমের বৈধতা প্রশ্নে রুল জারি করেছে আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) পাঁচটি সংগঠনের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তার সঙ্গে ছিলেন মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী সাহা ও পূরবী রানী শর্মা।
আদেশের পর রিজওয়ানা হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা অনুয়ায়ী জলাধারটি যতটুকু ভরাট করা হয়েছে, এর বাইরে আর এক চুলও ভরাট করা যাবে না।”
ঢাকা মহানগরীর মহাপরিকল্পনায় চিহ্নিত ৬১৫.৮১ একর জলাধারের (ওয়াটার রিটেনশন পন্ড) মধ্যে উত্তরা ১৮ নম্বর সেক্টরের দ্বিগুণ, বাউনিয়া ও বড়কাকর মৌজার ৪০ একর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং ভরাটের কাজ কেন ‘বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত, সংবিধান ও দেশের প্রচলিত আইনের পরিপন্থি’ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে হাই কোর্টের রুলে।
ভূমি, পরিবেশ, গৃহায়ন ও গণপূর্ত, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়র, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, “ঢাকার মাস্টারপ্ল্যান অনুযায়ী মহানগরীতে মাত্র চারটি ওয়াটার রিটেনশন পন্ড রয়েছে যা নগরীর প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। জলাশয় আইন ও মাস্টারপ্ল্যানের বিধি নিষেধ উপেক্ষা করে এসব জলাশয় ভরাটের কারণে অল্প বৃষ্টিতেই ঢাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত একটি প্রকল্পের অধীনে উত্তরা, মিরপুর এলাকার জলাবদ্ধতা কমাতে সরকার দ্বিগুণ, বাউনিয়া ও বড়কাকর মৌজার ৬১৫.৮১ একর জমি অধগ্রহণ করে তা জলাধার (ওয়াটার রিটেনশন পন্ড) হিসেবে রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করে।
কিন্তু ২০১৪ সালে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এ জলাধারটি থেকে ৪০ একর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পিপিপি) প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
একই সঙ্গে এ জলাধারটি ভরাট করলে পানি নিষ্কাশনে কী প্রভাব পড়বে তা যাচাই করার দায়িত্ব দেওয়া হয় ইনন্সটিটিউট অব ওয়াটার মডেলিংকে (আইডব্লিউএম) ।
আইডব্লিউএম যে প্রতিবেদন দাখিল করে, তাতে জলাধারটি ভরাটের কারণে সৃষ্ট জলাবদ্ধতা দূর করতে নিষ্কাশন পাম্প স্থাপনের সুপারিশ করা হয়।
তবে ওই প্রতিবেদনটি প্রস্তুত করার সময় যে জলাশয় আইনের বিধি-বিধান বিবেচনায় নেওয়া হয়নি এবং জলাধার ভরাটের পরিবশগত প্রভাবও নিরূপণ করা হয়নি- সে বিষয়টিও উল্লেখ করা হয় আইডব্লিউএম এর প্রতিবেদেনে।
ওই ‘ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ’ প্রতিবেদনের ভিত্তিতে গতবছর অক্টেবরে জলাধার ভরাট শুরু হলে বেলাসহ কয়েকটি সংগঠন হাই কোর্ট রিট আবেদনটি করে। তার প্রাথমিক শুনানি নিয়েই আদালত নিষেধাজ্ঞাসহ রুল জারি করেছে।
বেলা ছাড়া আবেদনকারী অন্য সংগঠনগুলো হল, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও নিজেরা করি।
