২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে বিকাল ৫টার পরে ক্যাম্পাসে ঢুকতে দেবে না ঢাবি কর্তৃপক্ষ

পহেলা বৈশাখে বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাউকে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 08:54 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

ওই দিন ক্যাম্পাসে বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত দিয়েছে তারা। পাশাপাশি ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা।

Image
পহেলা বৈশাখে বর্নিল মঙ্গল শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা

পহেলা বৈশাখে বর্নিল মঙ্গল শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা

“বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।”

নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করার সুযোগ থাকলেও ৫টার পর কোনোভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়াও নববর্ষের আগের দিন ১৩ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না।

নববর্ষের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

# বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধু নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

# বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগতরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদ সংলগ্ন ছবির হাটের গেইট, বাংলা একাডেমির সামনের সোহরাওয়ার্দী উদ্যানের গেইট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

# সোহরাওয়ার্দী উদ্যান থেকে বেরোনোর পথ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট, রমনা কালী মন্দির সংলগ্ন গেইট ও বাংলা একাডেমির সামনের সোহরাওয়ার্দী উদ্যানের গেইট ব্যবহার করা যাবে।

নববর্ষের দিন টিএসসির রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট বন্ধ রাখা হবে।

ওই দিন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।