বিএসএফকে তথ্য পাচারের অভিযোগে যুবক আটক, তাৎক্ষণিক দণ্ড
বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী-বিজিবির বিভিন্ন স্থাপনার ছবি তুলে সেগুলো ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে দুই বছরের সাজা দেওয়া হয়েছে।
শনিবার সকালে রাজশাহীর সাহেবনগর সীমান্তে মিঠুন (২৩) নামে ওই যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তুললে এই দণ্ড দেওয়া হয়।
বিজিবির ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকের সময় মিঠুর মোবাইলে ভারতীয় একটি কোম্পানির সিম সক্রিয় ছিল। সে কিছু ছবি তুলে ইমোর মাধ্যমে পাঠানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর তার মোবাইলে বেশ কিছু ছবি পাওয়া যায়। সেগুলো ইমোর মাধ্যমে আগেই ভারতে পাচার করেছে।”
আটকের পর মিঠুনকে বিজিবি-১ এর সদরদপ্তরে নিয়ে জিজ্ঞাবাসাদ করা হয় জানিয়ে তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে মিঠু স্বীকার করেছে, গত ৩ মার্চ সাহেবনগর বিওপি, বিওপির এলএমজি বাংকার ও অন্যান্য তথ্য সম্বলিত বেশ কিছু ছবি মোবাইলে ধারণ করে। সেই ছবিগুলো গত ২৪ মার্চ ইমোর মাধ্যমে ভারতে বসবাসকারী তার মামাত ভাই মহিদুল ইসলামের কাছে পাঠিয়েছে।”
মাহিদুল বিএসএফের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করলেও ওই সম্পৃক্ততার ধরন সম্পর্কে কিছু জানাতে পারেননি বিজিবি কর্মকর্তারা।
ব্যাটালিয়ন-১ এর উপঅধিনায়ক মেজর আশিক বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিঠুনের মোবাইলে বিএসএফ কর্মকর্তাদের মোবাইল নম্বর পাওয়া গেছে। তাকে যখন ধরা হয় তখন বিএসএফের একটি নম্বর থেকে ফোন এসেছিল, বিজিবি সদস্য ওই ফোন ধরলে ওপাশ থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে আবার ফোন করলে ওপাশ থেকে সাড়া দেয়নি।”
মিঠুনের বাড়ি গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া গ্রামে। তিনি গোদাগাড়ী ডিগ্রি কলেজের ছাত্র।
জিজ্ঞাসাবাদের পর বিজিবি সদস্যরা মিঠুনকে নিয়ে গেলে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেন বলে জানান বিজিবি কর্মকর্তা আশিক। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মিঠুনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা কেন হল না, সে প্রশ্নের জবাবে মেজর আশিক বলেন, “এতে অনেক প্রক্রিয়া থাকে। তাই ওই পথে না গিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য পাওয়া যায়নি।
