২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তার দাবিতে সড়কে শিক্ষার্থীরা

ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 05:38 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

রোববার বেলা দেড়টার দিকে বনানীর ১৭ নম্বর সড়কে নেমে ওই দাবিগুলোতে স্লোগান দেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এই ১৭ নম্বর সড়কে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জনের প্রাণহানি হয়েছে। ওই ভবন থেকে কিছু দূরেই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হল- বিশ্ববিদ্যালয়ের অগ্নি নির্বাপক সব ধরনের উন্নত সরঞ্জাম নিশ্চিত করা, ফায়ার অ্যালার্ম সিস্টেম ও জরুরি বহির্গমন পথের ব্যবস্থা, সিকিউরিটিতে নিয়োজিত সব কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা, শিগগিরই স্থায়ী ক্যাম্পাসের নকশা প্রণয়ন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ন্যূনতম চারটি বাসের ব্যবস্থা করা।

বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র শাকিল আহমেদ আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনে ফায়ার এক্সিট ডোর আছে কি না, তা আমরা জানি না। তবে ফায়ার অ্যালার্ম আছে। অগ্নিকাণ্ডের পর করণীয় কী, সে সম্পর্কেও আমাদের কোনো প্রশিক্ষণ নেই।”

তিনি বলেন, “আমাদের ক্যাম্পাসের খুব কাছেই এফআর টাওয়ার। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কত মানুষের প্রাণ গেল! এই অগ্নিকাণ্ডের পর আমরা এখন জানতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনের কোথায় কী নিরাপত্তা ব্যবস্থা আছে। ফায়ার সার্ভিস অগ্নি নিরাপত্তার বিষয়ে যে প্রশিক্ষণ দেয়, তা কবে দেবে, তা আমরা জানতে চাই।”

শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে প্রক্টর আনোয়ারুল ইসলাম শিকদার নেমে এলে গণমাধ্যমকর্মীরা তাকে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে প্রশ্ন করেন।

জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “এটা আমাদের শিক্ষার্থীদের ব্যাপার। এই ব্যাপারে আমরা গণমাধ্যমকে কোনো কথা বলব না।”

পরে তিনি শিক্ষার্থীদের মাঝে গিয়ে বলেন, প্রশাসন তাদের দাবিগুলো নিয়ে ভাববে। তারা সড়ক ছেড়ে যেন ক্লাসে ফিরে যান।

পরে বেলা সোয়া ২টার দিকে এদিনের মতো বিক্ষোভের ইতি টানেন শিক্ষার্থীরা।