২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

বনানীর বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 02:32 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

অগ্নিকাণ্ডের দুদিন পর এই তথ্য জানালেও এর বাদী কে হয়েছেন এবং কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে মাদকবিরোধী ও ট্রাফিক সচেতনতা তৈরি বিয়য়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

“একটি নিয়মিত মামলা হয়েছে, এটা আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এই অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন।

ক্ষতিগ্রস্ত কাউকে বাদী করে মামলা দায়ের করতে চান বলে পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী একদিন আগেই জানিয়েছেলেন।

তিনি শুক্রবার বলেছিলেন, “নিহতের পরিবারের কেউ মামলা করলে সরকার তাদের সহযোগিতা করবে। এছাড়া তাদের কেউ বাদী হতে রাজি না হলে রাষ্ট্র নিজেই বাদী হয়ে মামলা করবে। কী কী ধারায় মামলা হবে, সেটা আমরা এখন দেখব।”

ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এবং ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার দিকে ইঙ্গিত করে গৃহায়নমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছিলেন, এটা দুর্ঘটনা নয়, এটি ‘হত্যাকাণ্ড’।

মামলার বিষয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে বিস্তারিত আমরা পরে জানাব।”

ওই ভবনের জমির মূল মালিক এস এম এইচ আই ফারুক নামের একজন প্রকৌশলী। আর নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ভবনের অর্ধেকের মালিকানা ছিল রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের হাতে। এ কারণে নাম সংক্ষেপে ভবনের এফআর টাওয়ার।

মূল মালিকরা বিভিন্ন ফ্লোর পরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। এখন এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন প্রযুক্তি খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি তাসভীর উল ইসলাম।

বনানীর অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই শনিবার সকালে আগুনে পুড়েছে গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেট সংলগ্ন কাঁচাবাজার। তার দুই মাস আগে চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত হন ৭০ জনের বেশি মানুষ।

এসব অগ্নিকাণ্ডের জন্য ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করাকে দায়ী করে ডিএমপি কমিশনার বলেন, “কেউ বিল্ডিং কোড মানেন না।”

তিনি নগরবাসীকে বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণ এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখার অনুরোধ জানান।

পুরনো খবর:

বনানী অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের মধ্যে মামলার বাদী খুঁজছে পুলিশ
এফআর টাওয়ারের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বললেন পূর্তমন্ত্রী
এফআর টাওয়ার: মূল নকশায় ‘মিল নেই’, সতর্কবাণীও ‘উপেক্ষিত’