বেঁচে ফেরাদের বর্ণনায় এফআর টাওয়ারের কয়েক ঘণ্টা
দাউ দাউ করে জ্বলছে ভবন, ধোঁয়ায় ভরে আছে সিঁড়ি- নিরাপদে বেরিয়ে আসার উপায়ান্তর না দেখে প্রাণ বাঁচাতে অনেকেই ছোটেন ভবনের ছাদে।
সাহায্যের প্রার্থনায় সাড়া মেলে পাশের ভবন থেকে। দেয়াল ভেঙে, জানালার গ্রিল ভেঙে বিপন্ন মানুষকে উদ্ধারের পথ করে দেন সেখানে অবস্থানরতরা। সেখান দিয়ে বেরিয়ে নিজে প্রাণে বাঁচার পর কেউ কেউ আবার ছুটে যান আগুন লাগা ভবনের কাছে।
আহতদের উদ্ধারে কেউ এগিয়ে আনেন স্ট্রেচার, কেউ টানেন ফায়ার সার্ভিসের পানির পাইপ। তখনও কারও কারও ক্ষতস্থান থেকে ঝরছে রক্ত।
বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে যাওয়াদের বর্ণনায় উঠে এসেছে এই চিত্র।
আবদুল্লাহ আল মামুন
এই ভবনের পঞ্চম, নবম, সপ্তদশ, অষ্টাদশ ফ্লোরে ‘আমরা টেকনোলজিসের’ অফিস রয়েছে। মামুন কাজ করছিলেন সপ্তদশ ফ্লোরে।
তিনি বলেন, “আগুন লাগার পর আমি অন্য সবার মতো নিচের দিকে না নেমে উপরের দিকে উঠার সিদ্ধান্ত নিলাম। আমি যে ফ্লোরে কাজ করি, সে ফ্লোরের সবাইও আমার সাথে ছাদের দিকে যেতে লাগল। ছাদে গিয়ে দেখলাম সেখানে প্রায় দুই থেকে আড়াইশ লোক জড়ো হয়েছে।”
এফআর টাওয়ারের উত্তর পাশে ২৩তলা আহমেদ টাওয়ার। প্রাণ বাঁচাতে ছাদ থেকে মামুনরা যখন সাহায্যের প্রার্থনা করছিলেন, তখন আহমেদ টাওয়ারে কর্মরতরা ভবনের দেয়াল ভেঙে, জানালার গ্রিল ভেঙে তাদের যাওয়ার পথ তৈরি করে দেন।সে পথ দিয়েই ওই ভবনে গিয়ে নিচে নেমে আসেন মামুন। তারপর যোগ দেন অন্যদের উদ্ধার কাজে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জানতাম, আমার ফ্লোরে সাত-আট জনের মতো আটকে আছে। আমি ওদের তখনও ফোনে পাচ্ছিলাম। ওদের বললাম, আপনারা কেউ সিঁড়ি ধরে নামতে যাবেন না। সিঁড়িতে ধোঁয়া আর ধোঁয়া। পরে ওদের ফায়ার সার্ভিসের ক্রেন দিয়ে নিচে নামিয়ে আনা হয়েছে।”
মামুন জানান, পরে তিনি যখন এফআর টাওয়ারে ঢুকেছিলেন তখন অনেকের লাশ দেখতে পান।
“আমি নিজের হাতে অনেকের লাশ সরিয়েছি, স্ট্রেচারে উঠিয়েছি। আমাদের ভবন থেকে যে সাত আট জনকে নিচে নামানো হয়েছিল, তাদের পরে অ্যাপোলো ও কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
এফআর টাওয়ারে আমরা নেটওয়ার্কিংয়ে মামুন কাজ করছেন সাত বছর ধরে।
“এমন আগুন লাগবে এই ভবনে, কে জানত! কার মৃত্যু কীভাবে আসে কেউ বলতে পারি না। আমি কীভাবে বেঁচে ফিরেছি, জানি না। তবে নিচে নেমে মনে হয়েছে কেবল আমার জন্য একটা মানুষের জীবনও যদি বাঁচে… তাই থেকে গেছিলাম।”
এফআর টাওয়ার থেকে বেঁচে ফেরা পোশাক তৈরি প্রতিষ্ঠান ডার্ড গ্রুপের কর্মকর্তা মো. আরফানুল ইসলাম জানালেন, এই ঘটনার ট্রমা কাটাতে তার লেগে যাবে বহু দিন।
মো. আরফানুল ইসলাম
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর ভবনের ১৯তলা থেকে তিনি চলে যান ছাদে। সেখানে ৭০-৮০ জনের একটি দলের সঙ্গে তিনি নেমে আসেন নিচে।
পাশের আহমেদ টাওয়ারের দেয়াল ভেঙে পথ তৈরি করে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি।
“যত দিন বেঁচে থাকব, আহমেদ টাওয়ারের লোকজনের প্রতি দোয়া করব।”
তিনি জানান, দক্ষিণের আওয়াল সেন্টারের দেয়াল ভেঙেও পথ তৈরি করা হয়েছিল। সেই পথ দিয়েও ছাদে অবস্থান করা অনেকে বেরিয়ে আসতে পেরেছিলেন।
ভবনে আগুন লাগার পর আতঙ্কে অনেকেই ঝাপিয়ে পড়েন জানালার বাইরে, কেউ বিভিন্ন কেবল বেয়ে নিচে নামার চেষ্টা করে নিচে পড়ে যান। তাদের বেশ কয়েকজন নিহত হয়েছেন।
হাসিবুর রহমান
তিনি বলেন, দোকান থেকে বেরিয়ে আসার সময় দেখেন উপর থেকে একজন পড়ে যাচ্ছেন নিচে।
“সে দৃশ্য কি চোখে দেখা যায়? আমি সে লোকটিকে ধরতে কাছে এগিয়ে যাই। তিনি জানালার গ্লাস ভেঙে নিচে পড়েছিলেন। তার সারা গায়ে গ্লাসের টুকরা। লোকটি সেখানেই মারা গেল। তাকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিলাম, তখন ভাঙা গ্লাসের টুকরা বাঁম হাতে ঢুকে পড়েছিল। আমি সহ্য করতে পারছিলাম না। পরে বাসায় চলে যাই। এই দৃশ্য কখনও ভোলার মতো না।”
এফআর টাওয়ারের ১১তলায় ছিল ইউরো গ্রুপের অফিস। আগুন লাগার সময় আরও ৩৮ সহকর্মীর সঙ্গে ছিলেন ইফতেখার হোসেন মিঠু, শেখ জারিন তাসনিম বৃষ্টি, আবদুল্লাহ আল মামুন, ফজলে রাব্বী।
আগুন লাগার পর তারা নামতে গিয়েছিলেন সিঁড়ি বেয়ে। পরে সেই সিঁড়ি থেকেই পাওয়া যায় তাদের মৃতদেহ।
রাফিউল ইসলাম মারুফ
“আমিও তো থাকতে পারতাম মৃতদের দলে!”
মারুফ জানান, ওই দিন সকালে অফিসিয়াল কাজে এয়ারপোর্টে যেতে হয়েছিল তাকে। যানজটের কারণে অফিসে দেরি হয় তার।পরে এসেই দেখেন ভবনে আগুন জ্বলছে। সহকর্মীরা জানালার গ্লাস ভেঙে প্রাণ বাঁচানোর আকুতি জানাচ্ছেন।
“মিঠু, বৃষ্টি, মামুন, রাব্বীদের আর কখনো দেখতে পাব না। বৃষ্টি মেয়েটি আমাদের রিসেপশনে কাজ করত। কী হাসিখুশি মেয়ে ছিল! কদিন আগে ইনানী বীচে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। কত মজা হল। সেই হাসি মুখগুলো তো আর কোনো দিন দেখতে পাব না!”
ইউরো গ্রুপের সাবেক কর্মকর্তা সাব্বির মঞ্জুরও বলেন, “সবাইকে বলেছিলাম, তোমরা ভেতরে থাক। জানালা ভেঙে বাইরে এসো না। এই অফিস ছেড়ে গেলেও প্রায়ই আসতাম এখানে। সবার সঙ্গে ভালো পরিচয় রয়েছে আমার।”
এই ঘটনায় ইউরো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবরার উল আলম গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
