২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুডলাক’ অ্যাপে বাংলার ইতিহাস

বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি শিক্ষামূলক অ্যাপ তৈরি করেছে শিক্ষা সামগ্রীর ব্র্যান্ড ‘গুডলাক’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 04:04 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

‘৫২ তে বর্ণমালা, ৭১-এ দেশ, অক্ষরে খুঁজে নাও তোমার বাংলাদেশ,’ এমন স্লোগানে চলছে অ্যাপটির প্রচার কাজ।

বৃহস্পতিবার রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে গুডলাক স্টেশনারির শিক্ষামূলক অ্যাপটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বলা হয়, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রতিটি বাঁক, প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনাকে তুলে ধরার লক্ষ্যে এই শিক্ষামূলক অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধমে যে কোনো বাংলা বর্ণমালা ‘স্ক্যান’ করলেই ওই বর্ণমালার শিরোনামে বাংলাদেশের ইতিহাস পড়তে পারবেন, সাথে সাথে শুনতে পাবেন ধারা বর্ণনা।

আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির বলেন, “আমাদের স্টেশনারি ব্র্যান্ড ‘গুডলাক’ শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ তৈরি ও বিপণনের সাথে জড়িত। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চেয়েছি একটি শিক্ষামূলক অ্যাপের মাধ্যমে তাদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে।

“এই অ্যাপটির মাধ্যমে আমরা ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬-এর ৬ দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তুলে ধরছি।”

গুডলাক স্টেশনারির হেড অব মার্কেটিং ফাহিম হোসেন জানান, প্রথমে মোবাইলে ‘গুডলাক’ অ্যাপটি গুগল প্লে- স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপটি ওপেন করে কোনো লেখা স্ক্যান করলে সেখানকার বর্ণমালা প্রদর্শিত হবে। সেখান থেকে পছন্দের বর্ণমালা সিলেক্ট করলেই ব্যবহারকারী সে সংক্রান্ত ইতিাস পড়তে ও শুনতে পারবেন।

সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) জিয়াউল হক, হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন ও গুডলাক স্টেশনারির ব্র্যান্ড ম্যানেজার আহসানুজ্জামান খানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।