২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে শ্রমিক বিক্ষোভ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

বেতন-ভাতা বকেয়া রেখে কারখানা বন্ধ করে দেওয়ায় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মোড়ে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেছে দুটি গার্মেন্টের কয়েকশ কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 12:37 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

তাদের বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা চৌধুরীপাড়া মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।

ট্রাফিক পুলিশের রামপুরা জোনের সহকারী মাজহারুল ইসলাম জানান, মালিবাগের লুমান ও লুফা নামের দুটি গার্মেন্টের কয়েকশ শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন।

তাদের অবস্থানের কারণে মালিবাগ আবুল হোটেল থেকে রেলগেইট পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আবুল হোটেল ও সাউথ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে রাস্তাটি খোলা থাকায় সেদিক দিয়ে কিছু যনবাহন রামপুরার দিকে চলাচল করতে পারলেও মৌচাক ও রামপুরার মধ্যে যাতায়াতের পথ ছিল বন্ধ।

রামপুরা থেকে আসা গাড়ি মালিবাগ ফ্লাইওভারে উঠতে পারলেও মৌচাক হয়ে মালিবাগে নামা ফ্লাইওভারের পথ আটকে বসে ছিলেন বিক্ষোভরত শ্রমিকরা। ফলে ডিআইটি রোডে তৈরি হয় ব্যাপক যানজট।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কয়েক মাসের বেতন বকেয়া রেখেই গত জানুয়ারি মাসে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বার বার আশ্বাস দিয়েও টাকা পরিশোধ না করায় সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, মালিবাগে সড়কের পূর্বপাশে লুমান ও পশ্চিম পাশে লুফা কারখানায় সব মিলিয়ে প্রায় ৮০০ লোক কাজ করতেন। কারখানা দুটির মালিক বিজিএমইএর সাবেক নেতা লুৎফর রহমান মতিন। রামপুরাতেও তার একটি কারখানা ছিল, গত বছর সেই কারখানাও একইভাবে বন্ধ করে দেওয়া হয়।

লুমান গার্মেন্টের শ্রমিক মোছাম্মৎ সালমা বলেন, “আমি গত পাঁচ বছর ধরে এ কারখানায় কাজ করছি। হঠাৎ করে জানুয়ারিতে মালিকপক্ষ কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমাদেরকে আগে কিছুই জানায়নি। জানুয়ারির ২৫ তারিখ থেকে কারখানা থেকে কাপড় সরিয়ে নিচ্ছিল, তখনই আমাদের সন্দেহ হয়।

"কিন্তু আমাদেরকে কোনো নোটিস ছাড়া এভাবে কারখানা বন্ধ করলে আইন অনুযায়ী চার মাসের বেসিক বেতন, সাথে আমাদের পাওনা সার্ভিস বেনিফিট, মাতৃত্বকালীন ছুটির টাকা, অন্যান্য ছুটিতে ওভার টাইমের টাকা দিতে হবে। আমরা এসব দাবিতে ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানায় অবস্থান নিয়েছিলাম। পরে বিজিএমইএর কর্মকর্তা, পুলিশসহ সংশ্লিষ্টদের আশ্বাসে আমরা কারখানা থেকে সরে আসি।"

সালমা বলেন, দাবি আদায়ে বহুবার তারা বিজিএমইএ, কলকারখানা অধিদপ্তর, প্রেস ক্লাব ও সচিবালয়ে ঘুরেছেন, আন্দোলন করেছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি।

“শেষে বিজিএমইএ থেকে মালিকপক্ষকে বলা হয়েছে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পরিশোধ করবে। গত ২২ মার্চ আমাদের টাকা-পয়সা দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেনি, যে কারণে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।"

গাজী হাওলাদার নামের আরেক শ্রমিক বলেন, "পাওনা টাকার জন্য আমরা বহু জায়গায় ঘুরেছি, বহু মানুষের কাছে গেছি, সবাই কেবল আশ্বাস দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।"

বেলা পৌনে ১২টার দিকে অবস্থান ছেড়ে মিছিল নিয়ে মালিকের বাসায় দিকে রওনা হন শ্রমিকরা। কিন্তু রামপুরা ব্রিজের কাছে পুলিশ তাদের আটকে দেয়।

সেখান থেকে তারা আবারও মালিবাগে ফিরে কারখানার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।   

সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “শ্রমিকরা তাদের দাবি-দাওয়ার জন্য আগেই অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছেন। এখন সড়কে নেমেছেন, কিন্তু তাতে তো সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আমরা তাদেরকে বলছি মানুষকে কষ্ট না দিয়ে সড়ক থেকে উঠে গিয়ে বিজিএমইএর কাছে দাবি জানাক।”