যুদ্ধস্মৃতির পথে পথে অদম্য যাত্রা
স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারের জাতীয় স্মৃতি সৌধের পথে চলছে একদল অভিযাত্রীর অদম্য পদযাত্রা।
মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পঁচিশে মার্চের হত্যাযজ্ঞের স্মৃতিজড়িত বিভিন্ন বধ্যভূমি ও স্মৃতিপীঠ ঘুরে প্রায় ৩২ কিলোমিটার পথ পেরিয়ে সন্ধ্যায় তারা পৌঁছাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ‘শোক থেকে শক্তি’র মন্ত্রে উদ্দীপ্ত হয়ে ভোর ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত গেয়ে পদযাত্রা শুরু করেন।
অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, পাখি বিশারদ ইনাম আল হক, এভারেস্ট জয়ী এম ম মুহিতও এই পদযাত্রায় তাদের সঙ্গী।
অভিযাত্রী দল প্রথমেই যায় ২৫ মার্চ কালরাতের ভয়াল স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বধ্যভূমিতে।
সেখানে শ্রদ্ধা নিবেদন করে ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনের পাশ দিয়ে সার্জেন্ট জহুরুল হক হলের সামনে দিয়ে নিউ মার্কেট এলাকা হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিময় আবাস ধানমণ্ডি ৩২ নম্বর সড়ক হয়ে আসাদ গেইটের দিকে যান তারা।
পরে অভিযাত্রী দলটি আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে বিরতি নেন। সেখানে তাদের মুক্তির গান গেয়ে শোনান একদল শিশু-কিশোর শিল্পী।
মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সকাল ৯টার পর জল্লাদখানা বধ্যভূমির দিকে এগিয়ে যায় পদযাত্রা দলটি। তারপর তুরাগ পেরিয়ে তারা পৌঁছান সাদুল্ল্যাপুরের শতবর্ষী বটমূলে।
পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সময় বিরতি করে সূর্যাস্তের সময় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানোর কথা রয়েছে এই অভিযাত্রীদের।
পদযাত্রা শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক জাফর ইকবাল বলেন, “৪৮ বছর শেষে ৪৯ বছরে পদার্পণ করেছে আমাদের স্বাধীন বাংলাদেশ। কিন্তু যে আত্মত্যাগ ও স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল তা এখনও পুরোপুরিভাবে সফল হতে পারেনি। এখন আমাদের সকল ভেদাভেদ ভুলে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
সোনার বাংলার বিনির্মাণে কী কী ঘাটতি রয়েছে তা খুঁজে বের করতে নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান শহীদ ফয়জুর রহমান আহমদের সন্তান জাফর ইকবাল।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল হক বলেন, “মুক্তিযুদ্ধে যারা আত্মোৎসর্গ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য আজকের এই পদযাত্রা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার বীজ বপণ করে দেওয়ার জন্য আজকের এই আয়োজন।”
পর্বতারোহীদের সংগঠন ‘অভিযাত্রী’ ২০১৩ সাল থেকে এই পদযাত্রার আয়োজন করে আসছে । ২০১৬ সালে এর সঙ্গে যুক্ত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর।
