২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যম আয়ের বাংলাদেশে ব্রিটিশ সহায়তার ধরনও বদলাবে: ডিকসন

বিশ্বসভায় বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছে গেছে, সেহেতু আগামীতে যুক্তরাজ্যের সহায়তার ধরনও কিছুটা বদলাবে বলে জানিয়েছেন নতুন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2019, 04:41 PM

Updated : 10 Oct 2022, 09:00 PM

বৃহস্পতিবার ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন, এতদিন বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও অপুষ্টি রোধ করার মত বিষয়গুলো যুক্তরাজ্যের কাছে বেশি মনোযোগ পেত।    

এখন যেহেতু অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটেছে, সেহেতু আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের বিষয়গুলো যুক্তরাজ্যের কাছে বেশি গুরুত্ব পাবে বলে মনে করেন ডিকসন।

তিনি মনে করেন, আগামী দিনে বেসরকারি খাতের বিনিয়োগ পাওয়ার জন্য ওই সহযোগিতা বাংলাদেশের প্রয়োজন হবে। 

ডিকসনের ভাষায়, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর যে লক্ষ্য বাংলাদেশ ঠিক করেছে, তা বাস্তবায়নে যুক্তরাজ্যের ওই সহযোগিতা ‘রসদ’ যোগাবে।  

 

ঢাকা মিশনের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসার পর গত ১০ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন রবার্ট ডিকসন।  সেদিন তিনি বলেন, বাংলাদেশে তিনি যা যা করতে চান, তার তালিকা বেশ দীর্ঘ।

সেই তালিকার ওপর আলো ফেলার পাশাপাশি ব্রেক্সিটের প্রভাব এবং যুক্তরাজ্য কীভাবে বাংলাদেশকে উন্নত অর্থনীতির দেশ হতে সহযোগিতা করতে পারে, সেসব বিষয়ে তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে কথা বলেছেন হাই কমিশনার।

যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। ব্যবসার দিক দিয়েও বাংলাদেশ যুক্তরাজ্যের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ আসে যুক্তরাজ্য থেকেই।

বাংলাদেশের ব্যাংকিং, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, কনসালটেন্সি ও রিটেইল খাতে কাজ করছে ২৪০টি ব্রিটিশ কোম্পানি।

অন্যদিকে বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি যুক্তরাজ্যের বিভিন্ন খাতে কাজ করছে। দুই দেশের সরসারি পর্যায়েও নিয়মিত কৌশলগত আলোচনা হয়।

Image
ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে বৃহস্পতিবার প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে বৃহস্পতিবার প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট সি ডিকসন। ছবি: আসিফ মাহমুদ অভি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জন করেছে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করছে সরকার। অর্থনীতির বেশিরভাগ সূচকও এখন বেশ ভালো অবস্থায় আছে।

ক্রমোন্নতির ধারায় থাকা এই বাংলাদেশ যুক্তরাজ্যের জন্যও আগ্রহের বিষয় বলে জানান ব্রিটিশ ফরেইন অ্যান্ড কমনওয়েলথ অফিসের পশ্চিম বলকান ডেস্কে দায়িত্ব পালন করে আসা ডিকসন। 

“বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যে চমৎকার দৃঢ় সম্পর্ক এতদিনে তৈরি হয়েছে, আমি তাকে আরও এগিয়ে নিতে চাই। আর ব্রিটেন যেহেতু ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাচ্ছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

ব্রিটিশ হাই কমিশনার বলেন, “আমরা এটাকে বলি গ্লোবাল ব্রিটেন, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই।” 

তিনি বলেন, যে ছয় লাখ বাংলাদেশি ব্রিটেনে বসবাস করছেন, দেশের সঙ্গে তাদের অধিকাংশেরই ভালো যোগাযোগ রয়েছে।

“দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তারা কাজ করছে জীবন্ত সেতুর মত, দুই দেশের জন্যই তারা এক দারুণ সম্পদ।”

নতুন ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশে আগামী দিনগুলোতে তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার বিষয়েও কাজ করতে চান। 

রোহিঙ্গাদের আগমনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে একক দেশ হিসেবে যুক্তরাজ্যই সবচেয়ে এগিয়ে রয়েছে।

রবার্ট ডিকসন বলেন, মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মত পরিবেশ সৃষ্টি করে, সেজন্য যুক্তরাজ্য চাপ দিয়ে যাচ্ছে।  

“বিষয়টা মিয়ানমারের জন্যও খারাপ, কেননা যতদিন পর্যন্ত তারা এ সমস্যার সমাধান না করছে, ততদিন তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও যথাযথ সম্মান পাবে না।”

তিনি বলেন, যুক্তরাজ্যের কিছু উন্নয়ন প্রকল্প মিয়ানমারে চলছে। কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক অবস্থান খুবই স্পষ্ট, আর তা হল - মিয়ানমারে যা হচ্ছে তা ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।

“আমরা জবাবদিহিতা প্রতিষ্ঠার পক্ষে। যারা ওইসব ঘটনা ঘটিয়েছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

লন্ডনে ব্রিটিশ বাংলাদেশিদের পরিচালিত কারি হাউজের ব্যবসায় লোকবল সঙ্কট নিরসনের কোনো উদ্যোগ নেবেন কি না- এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি যেহেতু অভিবাসন নিয়ে, সেহেতু কারা যুক্তরাজ্যে আসতে পারবে, কারা থাকতে পারবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে জাতীয় পর্যায়ে।

তবে এখন যেভাবে লাখে লাখে লোক প্রতি বছর ব্রিটেনে প্রবেশ করছে, তা হাজারে নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর বলে জানান হাই কমিশনার।

“এটা নিয়ে ব্রিটেনে এক ধরনের আলোচনা রয়েছে। বলা হচ্ছে বাইরে থেকে আসা কর্মীদের ওপর আমাদের অর্থনীতি খুব বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে।

“সে কারণেই আমরা লোক নেওয়ার ক্ষেত্রে শর্তে পরিবর্তন এনেছি। বড় অংকে অদক্ষ কর্মী নিতে আমরা আর রাজি নই।”

হাই কমিশনার বলেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার পর সবার আগে দুই দেশের মধ্যে আলাদাভাবে বাণিজ্য চুক্তি করতে হবে।

“এখন আমাদের যে বাণিজ্য নীতি আছে তা পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্য। সেটার উদ্দেশ্য ইইউর পুরো ৫০ কোটি মানুষের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের অবশ্যই একটি বিশেষ সম্পর্ক রয়েছে যা ইউরোপীয় ইউনিয়নের সব দেশের সঙ্গে নেই।

“সুতরাং ব্রিটেন যখন আর ইউরোপীয় ইউনিয়নে থাকবে না তখন এমন একটি বাণিজ্য চুক্তিতে আমাদের পৌঁছাতে পারা উচিৎ যা আমাদের দুই দেশের জন্যই সাযুজ্যপূর্ণ হবে।”

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে ব্রিটিশ হাই কমিশনার বলেন, ইজ অব ডুইং বিজনেস সূচকে ১৯০ দেশের মধ্যে বাংলাদেশের ১৭৬তম অবস্থান মোটেও ভালো বিষয় নয়।

“অর্থনৈতিক কাঠামোর সংস্কার, বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে আমরা সরকারের সঙ্গে কাজ করব।”

ডিকসন বলেন, এই নতুন যাত্রায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং সরকারি কর্মী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে যুক্তরাজ্য।    

বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যাতে দেশের মানুষের সেবার পাশাপাশি এ দেশে থাকা ব্রিটিশ কোম্পানিগুলোর ব্যবসা বিকাশে আরও ভালোভাবে কাজ করতে পারে সেজন্য ইজ অব ডুইং বিজনেস সূচকে ছয় নম্বরে থাকা ব্রিটেন নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতেও রাজি বলে জানান নতুন হাই কমিশনার।